অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন অনুপ্রিয়া গোয়েঙ্কা। পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, এসব দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন। সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে এসে নিজের অভিজ্ঞতার কথা খোলামেলা বলেন তিনি।
শোতে সঞ্চালক অনুপ্রিয়াকে জিজ্ঞাসা করেন, কখনো কোনো সহ-অভিনেতা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন কি না। জবাবে অভিনেত্রী বলেন, একবার এমন হয়েছিল; মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি।
অনুপ্রিয়ার ভাষ্য, আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। ঘটনাটি ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।
কী ঘটেছিল অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে
আরেকটি ঘটনার কথা জানিয়ে অনুপ্রিয়া বলেন, একবার তিনি এমন পোশাক পরেছিলেন, যা মোটেই আরামদায়ক ছিল না। ভেবেছিলেন সহ-অভিনেতা তাকে সহায়তা করবেন, কিন্তু তার আচরণ ছিল খুবই বিব্রতকর, যা অনুপ্রিয়ার জন্য ছিল অস্বস্তিকর।

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।
প্রসঙ্গত, আজকাল বলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে ইন্টিমেসি কো-অর্ডিনেটর রাখার চল বেড়েছে, যাতে অভিনয়শিল্পীদের সম্মতি ও স্বস্তি নিশ্চিত করা যায়। অনুপ্রিয়ার এই খোলামেলা মন্তব্য সেই আলোচনাকেই আবার সামনে এনেছে।
অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’ ও ‘ওয়ার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে।

সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।









