কপিল শর্মা শোতে এ আর রহমান
বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয় রাজনীতির প্রভাবে বেশ কোণঠাসা হয়ে পড়েছে বলিউড অঙ্গন। এই নজরদারির ধারায় সর্বশেষ সংযোজন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। সম্প্রতি তিনি এসেছেন ভারতের আরেক বিখ্যাত কমেডি অনুষ্ঠান কপিল শর্মা শোতে। সেই অনুষ্ঠানে এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা।

বেশকিছুদিন আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্কে একটি সাক্ষাৎকার দেন এ আর রহমান। সেই সাক্ষাৎকারে এ আর রহমান বলেছেন, গত আট বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ছিলো ‘ধর্মীয় বিভাজন’ এর মতো বিষয়টি। এই বক্তব্যের পর ভারতের ধর্মীয় গোষ্ঠী এমনকি ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে উঠে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ও অপপ্রচার। সেই প্রতিবাদে ও কুৎসায় যোগ দেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানৌত। নানা আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে ওই সাক্ষাৎকারের পর থেকে।
তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ আর রহমানকে কেন্দ্র করে বিপদের মুখে কৌতুকশিল্পী কপিল শর্মা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত হন এ আর রহমান।

আর এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা নীতেশ রানে। তার দাবি, এ আর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা দেওয়া উচিত হয়নি।
নীতেশ রানে এক বিবৃতিতে বলেন, বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা চলবে না বলেও জানান তিনি। এরই ফলশ্রুতিতে বিজেপির সমালোচনার মুখেও পড়েন কপিল।
এ আর রহমান অতিথি হলেন যা কারণে
তবে এই শোতে এসে এ আর রহমান জানিয়েছেন যে তাঁর মেসেজ ভুলভাবে পঠিত হয়েছে। তিনি বলেন,“এটি (তাঁর মন্তব্য) একটি ভালো উদাহরণ যে কীভাবে তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়। বিভিন্ন রাজ্য, বিভিন্ন সংস্কৃতি এমনকি বিশ্বের সমস্যাটি এই যে -বার্তাগুলো পথিমধ্যেই কিভাবে যেন বিকৃত হয়ে যায়।”

রহমান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-তে উপস্থিত হন সম্প্রতি তাঁর নতুন প্রজেক্টের প্রচারের অংশ হিসেবে। তিনি কিশোর পাণ্ডুরাং বেলেকর নির্মিত সাইলেন্ট ফিল্ম ‘গান্ধী টকস’-এর জন্য সঙ্গীত রচনা করেছেন। এই চলচ্চিত্রের অভিনেতা বিজয় সেতুপতি, আদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থ জাধবের সাথে তাকেও দেখা যাবে সিনেমায়। রহমান জানিয়েছেন এটি একটি সঙ্গীত নির্ভর সিনেমা।


