শনিবার রাতে গুলশানের বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ান ওটিলিয়া। সঙ্গে ছিলেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের নাইম আশরাফ। রাতের আলোকসজ্জা, সড়কের দুই পাশের ভবন আর ঢাকার চেনা পরিবেশ উপভোগ করেন এই গায়িকা। বাংলাদেশ সফরের শেষ রাতে রিকশাভ্রমণ তাঁর অভিজ্ঞতায় যোগ করে ভিন্ন মাত্রা।
রিকশায় ওঠার আগে বাংলাদেশের প্রতি ভালো লাগার কথা জানান ওটিলিয়া। বলেন, দারুণ একটি অনুষ্ঠান শেষে দেশে ফিরছেন তিনি। আবারও বাংলাদেশে আসতে চান। এ দেশের মানুষের ভালোবাসা অনেক দিন মনে থাকবে তাঁর।
বিদায়ের আগে রিকশায় বসেও বাংলাদেশের ভক্তদের উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করেন ওটিলিয়া। বলেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক মিস করব। রিকশায় চড়াও মিস করব।’
চার বছর পর বাংলাদেশে এসেছিলেন ‘বিলিয়নেরা’খ্যাত এই গায়িকা। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন তিনি। এবারের সফরের উপলক্ষ ছিল ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। ২৭ নভেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হয় এই সংগীত আয়োজন।

শুক্রবার রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন ওটিলিয়া। জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’ দিয়ে শুরু করেন পরিবেশনা। এরপর একের পর এক গানে দর্শকদের মাতিয়ে রাখেন। ওয়েস্টার্ন ধাঁচের নাচ, প্রাণবন্ত উপস্থিতি আর ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনে জমে ওঠে পুরো আয়োজন।
প্রায় এক ঘণ্টার পরিবেশনায় পুরোনো জনপ্রিয় গানের পাশাপাশি নতুন গানও শোনান ওটিলিয়া। ঢাকায় এসে নতুন গান প্রকাশের যে ইঙ্গিত দিয়েছিলেন, মঞ্চে সেটিও পূরণ করেন। নতুন গানটি পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করেন তিনি। গানটি ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান উপস্থিত শ্রোতাদের।
গান ও নাচের পাশাপাশি ভক্তদের সঙ্গে সেলফি তোলা এবং আধো বাংলায় বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দর্শকদের আরও কাছে টানেন এই পপতারকা। তাঁর সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করেন ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং লেভেল ফাইভ। দেশি-বিদেশি শিল্পীদের পরিবেশনায় কনসার্টে তৈরি হয় উৎসবের আমেজ।
শুক্রবারের মঞ্চ মাতানোর পর শনিবার রাতেই ঢাকা ছাড়ার প্রস্তুতি নেন ওটিলিয়া। তবে ভোরের ফ্লাইটের আগে হোটেলে বসে সময় কাটাননি। বেরিয়ে পড়েন রাতের শহর দেখতে। কনসার্টের উচ্ছ্বাস, ভক্তদের ভালোবাসা আর ঢাকার রাস্তায় রিকশায় ঘোরার স্মৃতি নিয়েই এবার দেশে ফিরছেন ‘বিলিয়নেরা’ গায়িকা। বিদায়ের আগে জানিয়ে গেলেন, আবারও বাংলাদেশে আসতে চান।






