‘ব্যাচেলর পয়েন্ট’ মানেই এত দিন হাসি, আড্ডা আর বন্ধুত্বের গল্প। কাবিলা, পাশা ভাই, হাবু কিংবা নেহালদের নানা কাণ্ডে হাসতে হাসতেই কেটেছে দর্শকদের বছরের পর বছর। কিন্তু পঞ্চম সিজনের শেষ পর্বে এসে বদলে গেল সেই চেনা আবহ। কাবিলার মায়ের মৃত্যুতে হাসির বদলে চোখ ভিজেছে দর্শকদের। যে চরিত্রকে নিয়ে এত দিন মজায় মেতেছেন, তার এমন পরিণতি যেন অনেকের মনেই গভীর দাগ কেটেছে।
২৬ নভেম্বর প্রচারিত শেষ পর্বের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন দর্শকেরা। কেউ লিখছেন, বাংলাদেশের কোনো নাটক দেখে এভাবে চোখে পানি আসবে, তা ভাবেননি। আবার কারও কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি ধারাবাহিক নয়, জীবনের ফেলে আসা সময়ের স্মৃতিচিহ্ন।
জাহিদ তুষার নামে এক দর্শক লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ যেন তাঁদের ২০১৬ থেকে ২০২২ সালের ঢাকার জীবনের প্রতিচ্ছবি। নিজের ব্যাচেলর জীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, ঢাকায় প্রথম রুম ভাগাভাগি করে থাকা, একে একে বন্ধুদের আসা, একসঙ্গে আড্ডা আর সময় কাটানোর দিনগুলো মনে করিয়ে দিয়েছে এই নাটক।
সময়ের সঙ্গে সেই বন্ধুরাও ছড়িয়ে পড়েছেন নানা জায়গায়। কেউ দেশের বাইরে, কেউ কানাডায়, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, আবার কেউ থিতু হয়েছেন অন্য শহরে। পুরোনো সেই দিনগুলো আর ফিরে আসবে না। দর্শকের ভাষায়, ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁদের জীবনেরই এক প্রতিচ্ছবি।
আরেক দর্শকের কাছে কাবিলা এত দিন ছিলেন হাসি-ঠাট্টার চরিত্র। কখনো তাঁকে নিয়ে হাসাহাসি করেছেন, কখনো ধমকেছেন। অথচ শেষ পর্বে মায়ের মৃত্যুর দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। তাঁর মতে, এই ধারাবাহিক দর্শকদের যেমন হাসিয়েছে, তেমনি কাঁদিয়েছে। অসংখ্য সকাল, রাত আর আড্ডার স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে।

কাবিলার জীবনে একের পর এক বিপর্যয়
পঞ্চম সিজনের শেষ অধ্যায়ে কেবল কাবিলার গল্পের পরিণতিই দেখানো হয়নি, অন্য চরিত্রগুলোর ভবিষ্যৎও তুলে ধরেছেন নির্মাতা। নিজের ব্যবসার প্রয়োজনে নেহাল আবার ফিরে গেছে যুক্তরাষ্ট্রে। যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছে সে। আরেফিন ফিরে এসেছে সেই ব্যাচেলর হাউসে, যেখানে শুরু হয়েছিল তার গল্প।

অন্যদিকে বাচ্চুর প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে হাবু ভাই। ব্যবসায় সাফল্য পেলেও পাশা ভাইয়ের আন্তর্জাতিক অর্ডারের পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে নানা কৌতূহল।
তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে কাবিলা। মায়ের মৃত্যু, ইভার সঙ্গে দূরত্ব, রোকেয়ার সঙ্গে বিয়ে না হওয়া, সম্পত্তির জন্য মামার হাতে নির্যাতিত হওয়া, সব মিলিয়ে একের পর এক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে চরিত্রটি। এত দিন হাসিখুশি আর মজার ঘটনায় দর্শকদের আনন্দ দেওয়া কাবিলার জীবনের এমন পরিণতি অনেককেই ভাবিয়েছে।
আমিমুল ইসলাম নামে এক দর্শকের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি নাটক নয়, শৈশবের আবেগ আর কৈশোরের স্মৃতি। এই ধারাবাহিক দেখে যেমন অনেক হেসেছেন, তেমনি মন খারাপও হয়েছে বহুবার। কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে নিজের মাকে হারানোর ভয় অনুভব করেছেন তিনি। শেষ পর্বগুলো দেখে তাঁর মনে হয়েছে, বাস্তব জীবনেও একদিন হয়তো প্রিয় ভাই-ব্রাদার ও বন্ধুদের এভাবেই হারিয়ে ফেলতে হবে।

বন্ধুত্বের পাশাপাশি দিয়েছে জীবনের শিক্ষাও
দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আবেদন শুধু হাস্যরস কিংবা বন্ধুত্বের গল্পে সীমাবদ্ধ ছিল না। নাটকের বিভিন্ন চরিত্রের আচরণ থেকেও জীবনের নানা শিক্ষা খুঁজে পেয়েছেন তাঁরা।
আমিমুলের মন্তব্য অনুযায়ী, হাবুকে দেখে তিনি বুঝেছেন লোভ করতে নেই, বাচ্চুর গল্প শিখিয়েছে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। কাবিলার জীবনের ঘটনা মনে করিয়ে দিয়েছে, সম্পত্তির লোভে আপন মানুষও বদলে যেতে পারে। আর পাশা, শুভ, আরেফিন ও নেহালদের বন্ধুত্ব দেখিয়েছে, জীবনে ভালোবাসার মতো কিছু মানুষ থাকা কতটা জরুরি।
২০১৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করেছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রায় নয় বছর ধরে ধারাবাহিকটির কাবিলা, নেহাল, পাশা ভাই, হাবু ভাই ও আরেফিনের মতো চরিত্রগুলো দর্শকদের কাছে হয়ে উঠেছে পরিচিত মুখ। ২৬ নভেম্বর প্রচারিত পঞ্চম সিজনের শেষ পর্বের মধ্য দিয়ে আপাতত শেষ হয়েছে সেই দীর্ঘ যাত্রা। তবে পর্দার গল্প শেষ হলেও দর্শকদের স্মৃতিতে রয়ে গেছে চরিত্রগুলো। তাই শেষ পর্বের আবেগের মধ্যেও কেউ কেউ নতুন গল্প নিয়ে ধারাবাহিকটি ফেরার প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদ। ২০২৫ সালের ১৫ এপ্রিল তিনি মারা যান। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, মুকিত জাকারিয়া, সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, শামীমা নাজনীনসহ অনেকে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।






