ইন্দৌরের পর এবার বেঙ্গালুরু। দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে ফের তৈরি হলো বোমাতঙ্ক। আগামী ২৯ নভেম্বর শহরের নাইস গ্রাউন্ডে গায়কের অনুষ্ঠানে আইইডি বিস্ফোরণ ঘটানো হবে, এমন হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর হুব্বল্লি-ধারওয়াড় পুরনিগমের কমিশনারের সরকারি ইমেল আইডিতে হুমকিবার্তাটি আসে। সেখানে দাবি করা হয়, ২৯ নভেম্বর মাদাবরের নাইস গ্রাউন্ডে দিলজিৎ এর কনসার্ট চলাকালীন আইইডি বিস্ফোরণ ঘটানো হবে, হুমকির তালিকায় রয়েছে কাছের মাদাবর মেট্রো স্টেশনও। অনুষ্ঠানে শিশুদের নিয়ে না আসতে, কোথাও পড়ে থাকা
আইফোন না তুলতে এবং ওই দিন মেট্রোতে যাতায়াত না করতেও সতর্ক করা হয় ইমেলে। বার্তার শেষে লেখা ছিল, ‘খলিস্তান জিন্দাবাদ’।

কন্ট্রোল রুমের সতর্কবার্তা পেয়ে মদনায়কানাহাল্লি থানার উপপরিদর্শক শিবরাজ এমজে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে নর্থ সিইএন ক্রাইম থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(৪) ও ৩৫৩(১)(বি) ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার পুলিশ বিষয়টি প্রকাশ্যে আনে। তদন্তকারীরা বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এগজিবিশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কনসার্টের দিনক্ষণ নিশ্চিত করেছেন। হুমকি পাঠানো ইমেল অ্যাকাউন্টের আইপি ঠিকানা ও উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুষ্ঠানস্থল পরিদর্শনও করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দিলজিৎ এর ট্যুরে হুমকির ছায়া
দিলজিৎ এর ভারত সফরে এমন হুমকি এই প্রথম নয়। গত ১৫ নভেম্বর ইন্দৌরে তাঁর কনসার্টের আগেও মেয়রের দপ্তর, স্কুল এমনকি মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল গিয়েছিল। পুলিশ সেগুলোকে ভুয়া বলে উড়িয়ে দিলেও কড়া নিরাপত্তায় অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই শোতে চারটি গানে নিষেধাজ্ঞা জারি হলে মঞ্চ থেকে রাহাত ইন্দোরির কবিতা আওড়ে প্রতিবাদ জানিয়েছিলেন দিলজিৎ। এর আগে গত ২৩ অক্টোবর মুম্বাইয়ের সাবেক মেয়রের দপ্তরে আত্মঘাতী হামলার হুমকির ইমেলেও ছিল গায়কের নাম।
‘অরা’ ওয়ার্ল্ড ট্যুরের ভারত পর্বে দিল্লি, ইন্দৌর ও অহমদাবাদ ঘুরে দিলজিৎ এখন মুম্বাইয়ের পথে, ২৭ নভেম্বর সেখানে শো। এরপর ২৯ নভেম্বর বেঙ্গালুরু আর ৫ ডিসেম্বর লখনউতে শেষ হবে ভারত পর্ব। বারবার হুমকি এলেও কোনো শো বাতিল হয়নি এখনো। বেঙ্গালুরুর শো ঘিরে নিরাপত্তা বাড়ানো হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি আয়োজকরা। তবে হুমকির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত সতর্কতায় কোনো ঘাটতি রাখতে চাইছে না পুলিশ।









