Tuesday, November 24, 2026

বাঁশি আর কণ্ঠে অমর বারী সিদ্দিকী – নবম মৃত্যুবার্ষিকী আজ

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026

‘শুয়া চান পাখি’র সেই মায়াবী কণ্ঠ থেমে গেছে নয় বছর হলো। আজ লোকসংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের আজকের দিনে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কণ্ঠ থেমে গেলেও তার সুর আজও বাজে শ্রোতাদের হৃদয়ে।

আবদুল বারী সিদ্দিকীর জন্ম ১৯৫৪ সালের ১৫ নভেম্বর, নেত্রকোনার এক সংগীতানুরাগী পরিবারে। মাত্র পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশি বাজানো দেখে বাঁশির প্রতি জন্মে তার গভীর আকর্ষণ। শৈশবে মায়ের কাছেই হয় তার গানে হাতেখড়ি।

মাত্র ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে শুরু হয় তার আনুষ্ঠানিক সংগীতশিক্ষা। পরে ওস্তাদ আমিনুর রহমান ও দবির খানের মতো গুণী শিক্ষকের কাছে তালিম নেন তিনি। বাঁশি ও উচ্চাঙ্গসংগীতে দক্ষতা অর্জনের জন্য ভারতের পুনেতে পণ্ডিত ভি জি কর্নাডের কাছেও প্রশিক্ষণ নেন বারী সিদ্দিকী।

বারী সিদ্দিকীর বাঁশি ও গান

বংশীবাদক হিসেবেই তার সংগীতজীবনের সূচনা। দেশ-বিদেশের নানা মঞ্চে বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন বারী সিদ্দিকী। বিটিভির সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

‘শুয়া চান পাখি’র কণ্ঠ থেমেছে ৯ বছর - সুর থামেনি

তার জীবনের মোড় ঘুরিয়ে দেন কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। ১৯৯৫ সালে হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সংগীত পরিবেশন করেন তিনি। এরপর ১৯৯৯ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ছয়টি গান গেয়ে রাতারাতি দেশজুড়ে খ্যাতি পান বাঁশিওয়ালা বারী সিদ্দিকী।

সেই ছবির গানগুলো আজও মানুষের মুখে মুখে। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালি বাতাসে’, ‘মানুষ ধরো মানুষ ভজো’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’ ‐ প্রতিটি গানেই বিরহ, প্রেম আর জীবনবোধের গভীর প্রকাশ। গ্রামীণ জীবনের সুখ-দুঃখ আর মানুষের অন্তর্গত বেদনা যেন জীবন্ত হয়ে উঠত তার দরদি কণ্ঠে।

হুমায়ূন আহমেদের লেখা সেই গানগুলো বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। অনেকের মতে, ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির গানই বারী সিদ্দিকীকে পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। বাঁশিওয়ালা থেকে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় গায়ক।

১৯৯৯ সালেই জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। বাঁশিতে লোকগীতির সঙ্গে উচ্চাঙ্গসংগীতের মিশেল ঘটিয়ে নিজের আলাদা একটা ঢং তৈরি করেছিলেন বারী সিদ্দিকী।

‘শুয়া চান পাখি’র কণ্ঠ থেমেছে ৯ বছর - সুর থামেনি

‘সাড়ে তিন হাত কবর’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’, ‘ঘরেও জ্বালা বাইরেও জ্বালা’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। কয়েকটি চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গান লিখেছেন ও সুরও করেছেন বারী সিদ্দিকী।

লোকসংগীতের চর্চা ও গবেষণার স্বপ্ন নিয়ে নেত্রকোনায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘বাউলবাড়ি’। সেই বাউলবাড়িকে ঘিরেই ছিল তার শেষ জীবনের অনেকটা সময়।

২০১৭ সালের ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান বারী সিদ্দিকী। নেত্রকোনার কারলি গ্রামে তারই তৈরি বাউলবাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

নয় বছর পেরিয়ে গেলেও বারী সিদ্দিকীর বাঁশির সুর আর দরদি কণ্ঠ আজও শ্রোতাদের আবেগের আশ্রয়। তার গানেই বেঁচে আছেন বাঁশির এই জাদুকর।

Share

Read more

Local News