টেইলর-ট্র্যাভিসের বিয়ে
মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে চলতি সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন, এমন গুঞ্জনে সরগরম আন্তর্জাতিক বিনোদন অঙ্গন। যদিও এই তারকা জুটি এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেননি, তবুও যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নিউইয়র্কে তাদের বিয়ের আয়োজনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের ম্যানহাটনে চলতি সপ্তাহের শেষ দিকে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতিপত্র, ইভেন্ট-সংক্রান্ত আবেদন এবং সংশ্লিষ্ট সূত্রের তথ্য থেকে ধারণা করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান বা এর অংশবিশেষ অনুষ্ঠিত হতে পারে বিশ্বের অন্যতম পরিচিত ইনডোর ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। তবে এ বিষয়ে টেইলর সুইফট বা ট্র্যাভিস কেলসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।
আমেরিকার রাজকীয় বিয়ে
এই অনিশ্চয়তার মধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে সুইফটের অনুরাগী ‘সুইফটিজ’ এবং কেলসের সমর্থকদের মধ্যে বিয়ের সম্ভাব্য তারিখ, অতিথি তালিকা এবং আয়োজন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই ইতোমধ্যে এই অনুষ্ঠানকে ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ বলেও আখ্যা দিচ্ছেন।

নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর স্টাইল অ্যান্ড শপিং ডিরেক্টর এলানা ফিশম্যান বলেন, “এটি সত্যিই আমাদের জন্য একটি রাজকীয় বিয়ে। চারদিকে এখন শুধু এটিই আলোচনার বিষয়।” তার মতে, এই বিয়েকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ সাম্প্রতিক সময়ের যেকোনো তারকা বিয়ের চেয়ে অনেক বেশি।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কয়েকদিনের জন্য বিশেষ পারমিট নেওয়া হয়েছে। সেখানে মঞ্চসজ্জা, আলোকসজ্জা, চেয়ার, সরঞ্জাম এবং অন্যান্য উপকরণ বহনকারী ট্রাক ঢুকতে দেখা গেছে। এমনকি অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতির কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
বিয়ের ভেন্যু নিয়ে ধোঁয়াশা
যদিও বিয়ের স্থান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের নামই সবচেয়ে বেশি আলোচনায়, কিছু গণমাধ্যমের দাবি মূল বিয়ের আনুষ্ঠানিকতা আরও ব্যক্তিগত পরিসরে হতে পারে, আর গার্ডেনে আয়োজন করা হতে পারে বড় পরিসরের সংবর্ধনা অনুষ্ঠান। তবে এসব তথ্যের কোনোটিই এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
অতিথি তালিকাও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ধারণা করা হচ্ছে, টেইলর সুইফটের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন, গিগি হাদিদ, হেইম বোনেরা ছাড়াও সংগীত ও ক্রীড়াজগতের বহু তারকা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। একই সঙ্গে এনএফএলের একাধিক খেলোয়াড়ের উপস্থিতিরও জোর সম্ভাবনা রয়েছে। যদিও সুইফটের জনসংযোগ টিম এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে এমনিতেই পর্যটকদের ভিড় বাড়বে। একই সময়ে শহরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নানা আয়োজন এবং পার্শ্ববর্তী নিউ জার্সিতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ থাকায় নিরাপত্তা ও জনসমাগম, দুই দিক থেকেই এটি হতে পারে ব্যস্ততম সপ্তাহগুলোর একটি।
বিয়ের পোশাক নিয়েও চলছে বিস্তর আলোচনা। ফ্যাশন বিশেষজ্ঞদের ধারণা, টেইলর সুইফট তার ব্রাইডাল লুকে পুরোনো হলিউডের রোমান্টিক আবেদন ও আধুনিক গ্ল্যামারের সমন্বয় ঘটাবেন। তাদের মতে, এই বিয়ের পোশাক আগামী কয়েক বছর বিশ্বজুড়ে কনেদের ফ্যাশন ট্রেন্ডে প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসে ২০২৩ সালে সম্পর্কে জড়ানোর পর দ্রুতই বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটিতে পরিণত হন। ২০২৫ সালে তাদের বাগদানের ঘোষণা আসে। এরপর থেকেই কবে এবং কোথায় তাদের বিয়ে হবে, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এখন পর্যন্ত সবকিছুই মূলত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও গুঞ্জনের ওপর ভিত্তি করে; আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিয়ের সময়, স্থান ও আয়োজনের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।