মাফিয়া ও কালো টাকার বলিউড
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায় কয়েক দশক ধরে অসামান্য সাফল্যের সঙ্গে কাজ করার পাশাপাশি আশির দশকে বলিউডেও নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন তিনি। তবে ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই হিন্দি চলচ্চিত্র থেকে অনেকটা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেতা। সেই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি।
২০১৭ সালে ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভ-এ দেওয়া এক সাক্ষাৎকারে কমল হাসান জানান, সে সময় বলিউডের কাজের পরিবেশ তাঁর কাছে স্বস্তিদায়ক মনে হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, হিন্দি চলচ্চিত্রশিল্পে তিনি নিজেকে অনেকটা ‘গরিব আত্মীয়’ হিসেবে অনুভব করতেন।

কমল হাসান বলেন, ‘সেই সময়টা এমনই ছিল যে, নিজের অনেক কাজ নিজেকেই সামলাতে হতো। অন্যদিকে, ইন্ডাস্ট্রির অনেকেই ছিলেন প্রতিষ্ঠিত ও প্রভাবশালী। একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করার প্রবণতা আমাকে হতাশ করেছিল। এটাও বলিউড থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ।’
আন্ডারওয়ার্ল্ড
শুধু কাজের ধরনই নয়, বলিউডে কথিত আন্ডারওয়ার্ল্ডের প্রভাব এবং কালো টাকার ব্যবহারও তাঁকে অস্বস্তিতে ফেলেছিল বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি এমন কোনো পরিবেশের অংশ হতে চাইনি, যেখানে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব রয়েছে। একই সঙ্গে কালো টাকার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখারও ইচ্ছা ছিল না। আমার ভাই এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এই ধরনের অর্থের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করব না।’
কমল হাসানের মতে, কালো টাকার বাইরে থেকেও একজন শিল্পীর পক্ষে সফল ও দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। তিনি এ প্রসঙ্গে প্রয়াত চিত্রগ্রাহক ভিনসেন্টের উদাহরণও তুলে ধরেন।
সিনেমা যাত্রা
১৯৭৪ সালে ‘আইনা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলেও ১৯৮১ সালের ‘এক দূজে কে লিয়ে’ তাঁকে জাতীয় পর্যায়ে তারকাখ্যাতি এনে দেয়। কে. বালাচন্দর পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন রতি অগ্নিহোত্রী।
এরপর ‘সনম তেরি কসম’, ‘ইয়ে তো কামাল হো গয়া’, ‘জারা সি জিন্দেগি’, ‘সদমা’, ‘সাগর’ ও ‘গিরফতার’-সহ একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৮৫ সালের পর দীর্ঘ বিরতি নিয়ে ১৯৯৭ সালে ‘চাচি ৪২০’-এর মাধ্যমে আবারও বলিউডে ফেরেন। পরে ‘হে রাম’, ‘অভয়’, ‘মুম্বাই এক্সপ্রেস’, ‘বিশ্বরূপ’ ও ‘বিশ্বরূপ টু’-এর মতো দ্বিভাষিক চলচ্চিত্রেও অভিনয় করেন।
সবশেষে কমল হাসানকে দেখা গেছে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমায়। তবে বহুল আলোচিত এই ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।


