মাতৃত্বের পথে সামান্থা
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। গত কয়েক দিন ধরে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মা হওয়ার সুখবর নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের নতুন চলচ্চিত্র মা ইনতি বাঙ্গারাম-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সামান্থা জানান, শারীরিক অবস্থার কারণে তিনি শিগগিরই কাজ থেকে একটি সংক্ষিপ্ত বিরতি নেবেন। অনুষ্ঠানে তিনি বলেন, ছবিটির কাজ শেষ করার পর কিছুদিনের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে। তবে বিরতির পর নতুন উদ্যমে আবারও অভিনয়ে ফিরবেন বলেও জানান তিনি।
গত সপ্তাহে কয়েকটি ভারতীয় গণমাধ্যমে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সম্ভাব্য বেবি বাম্প লক্ষ্য করেন। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। পরে ছবিটির পরিচালক নন্দিনী রেড্ডি-ও বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করায় আলোচনা আরও জোরালো হয়।

সামান্থা ও পরিচালক রাজ নিদিমরুর সম্পর্কও দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময় তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
গত বছরের ১ ডিসেম্বর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় আসে। সেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। ওই বার্তায় রাজ তার কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং তামিল ও তেলুগু দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতার সঙ্গে কাজ করার প্রশংসা করেছিলেন।

সম্প্রতি ‘মা ইনতি বাঙ্গারাম’ ছবিতে আবারও একসঙ্গে কাজ করেছেন সামান্থা ও রাজ। ছবিটির পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি এবং প্রযোজনায় রয়েছেন রাজ নিদিমরু। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ! বেবি’ ছবিতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
ব্যক্তিগত জীবনে এটি সামান্থার জন্য এক নতুন সূচনা। এর আগে তিনি দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্য-র সঙ্গে বিবাহিত ছিলেন। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে নাগা চৈতন্য অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন।
মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই সামান্থার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। জীবনের এই বিশেষ মুহূর্তে অভিনেত্রীর নতুন পথচলার জন্য শুভকামনা জানাচ্ছেন অনুরাগীরা।