সংগীতজীবনের ৩৩ বছর পূর্তি এ আয়োজন
সুইডেনে গান করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। সংগীতজীবনের ৩৩ বছরের পথচলা উদযাপন করতে দেশের বাইরে এক কনসার্টে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। এ উপলক্ষে প্রবাসী বাংলা গানের শ্রোতাদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ একক কনসার্ট। দীর্ঘ ক্যারিয়ারের নানা স্মৃতি, জনপ্রিয় গান এবং ভক্তদের ভালোবাসাকে ঘিরেই সাজানো হয়েছে এই আয়োজন।
২৮ জুন স্টকহোমের হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেই কনসার্টটি। এর নাম রাখা হয়েছে ‘সেলিব্রেটিং থার্টি-থ্রি ইয়ার্স অব বালাম’স মিউজিক্যাল জার্নি লাইভ ইন স্টকহোম’।

স্টকহোমে শোনাবেন জনপ্রিয় সব গান
সংগীতশিল্পী বালাম জানিয়েছেন, এই আয়োজন তার দীর্ঘ সংগীতজীবনের অর্জন ও শ্রোতাদের ভালোবাসাকে উদযাপনের একটি উপলক্ষ। অনুষ্ঠানে তিনি তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ের জনপ্রিয় গান পরিবেশন করবেন। তার ভাষায়, “সুইডেনে এবারই প্রথম যাচ্ছি। প্রবাসী বাংলা গানের শ্রোতাদের সঙ্গে দেখা হবে, তাদের জন্য গান গাইতে পারব এটা ভেবেই ভালো লাগছে। আশা করছি দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব।”
কনসার্টটির আয়োজন করছে ‘স্টেজ ফর ইয়ুথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন সুইডেন’। সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসাইন জানিয়েছেন, সুইডেনে বসবাসরত বাংলাভাষী মানুষের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিতেই তাদের এই উদ্যোগ। তার মতে, বালামের মতো জনপ্রিয় শিল্পীকে প্রথমবার স্টকহোমে নিয়ে আসতে পারা আয়োজকদের জন্যও আনন্দের বিষয়। অনুষ্ঠানকে ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলেও জানান তারা।
অনুষ্ঠানে সংগীতশিল্পী বালাম তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। অনুষ্ঠানস্থলে খাবারের স্টল ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক স্টলের ব্যবস্থা রাখা হবে।

ফলে কনসার্টটি শুধু গান শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হয়ে উঠবে প্রবাসী বাঙালিদের মিলনমেলার একটি উপলক্ষ।
স্টকহোমের কনসার্টে অংশ নেওয়ার আগে ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালির রোম ও ভেনিসে কয়েকটি সংগীতানুষ্ঠানে অংশ নেবেন সংগীতশিল্পী বালাম। একই সঙ্গে নতুন কিছু গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
গেল কয়েক বছরে ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দিয়ে নতুন করে আলোচনায় আসেন সংগীতশিল্পী বালাম। চলতি বছরের শুরুতে এক যুগ পর ‘মাওলা’ শিরোনামের নতুন অ্যালবামের ঘোষণাও দেন। ছয়টি গান নিয়ে সাজানো এ অ্যালবামটি তার ক্যারিয়ারের পঞ্চম অ্যালবাম।
এর আগে ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) এবং ‘ভুবন’ (২০১৩) নামে চারটি অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। এসব অ্যালবামের বহু গান আজও শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে আছে।
‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’ ও ‘অপরূপা’র মতো গানই বালামকে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর এবার সেই দীর্ঘ পথচলার উদযাপনেই সুইডেনে গাইবেন বালাম।