মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে সাজানো মঞ্চে আলো জ্বলে উঠতেই দর্শকের চোখ আটকে গেল টাইগার শ্রফের দিকে। গ্লোবাল পিস অনার্স ২০২৬ এর মঞ্চে শনিবার রাতে তিনি নাচলেন দেবা শ্রী গণেশ গানে। গুলির ঘটনার পর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্য মঞ্চ পরিবেশনা। প্রায় এক মাসের বেশি সময় ধরে আলোচনার বাইরে থাকা অভিনেতা এদিন নাচে গানে মঞ্চ মাতিয়ে আবারও সবার সামনে ফিরলেন।
লাল রঙের ধুতি ধরনের প্যান্ট, খালি গা, গলায় একাধিক হার, হাতে ধাতব বাজুবন্ধ আর কাঁধে কারুকাজ করা ওড়না, এই সাজে টাইগারকে দেখাচ্ছিল একেবারে অন্যরকম। মঞ্চের সোনালি আলো আর পেছনে নৃত্যশিল্পীদের তালে তাঁর প্রতিটি পদক্ষেপেই যেন ফিরে আসার গল্পটা ফুটে উঠছিল। দর্শকদের হাততালি আর উল্লাসে পুরো পরিবেশটাই বদলে গেল মুহূর্তে।

পরিবেশনার মাঝেই ঘটল এক অপ্রত্যাশিত কাণ্ড। নাচের তালে তালে মঞ্চে হঠাৎ উঠে এল একটি কুকুর। কুকুরটি কিছুক্ষণ মঞ্চে ঘোরাফেরা করলেও টাইগার থামলেন না। তিনি নিজের ছন্দ ধরে রেখে নাচ শেষ করলেন। মঞ্চের এই অচেনা অতিথি মুহূর্তেই নজর কাড়ল দর্শক আর সামাজিক যোগাযোগমাধ্যমের। অনেকেই মজা করে কুকুরটিকে ডাকলেন ডোগেশ ভাই নামে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই এই মুহূর্ত নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সবখানে।
অনুষ্ঠান শেষে নিজের ইনস্টাগ্রামে পরিবেশনার ভিডিও ভাগ করে নিলেন টাইগার। সঙ্গে লিখলেন, আবার মঞ্চে ফিরতে পেরে তিনি খুশি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অমৃতা ফড়নবীশকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, তাঁদের অনুষ্ঠানের সূচনা করার সুযোগ পাওয়া তাঁর জন্য সবসময় সম্মানের। তাঁর এই পোস্টে ভক্তরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মন্তব্যের ঘর।
টাইগার শ্রফের ফেরার গল্প
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে ফুটবল খেলে ফেরার পথে টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পুষ্পা নার্সি পার্কের কাছ থেকে গাড়ি বের হতেই মোটরসাইকেলে আসা তিনজন পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। টাইগার অক্ষত ছিলেন, তবে তাঁর চালক ও পথচারী একজন আহত হন। ঘটনার পর থেকেই অভিনেতা নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রকাশ্য জীবন থেকে।
ধীরে ধীরে কাজে ফেরার ইঙ্গিত মিলছিল আগেই। সপ্তাহের শুরুতে প্রায় এক মাসের নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে নতুন গান তেনু লেকে জানার টিজার ভাগ করে নেন তিনি। তাঁর বোন কৃষ্ণা শ্রফ মন্তব্যে লিখেছেন, সে ফিরেছে। এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে ফেরার অপেক্ষা আরও বেড়ে যায়।
মঞ্চে ফেরার আগেই শুটিংয়েও ফিরেছিলেন টাইগার। গত ১৫ নভেম্বর পুনেতে তাঁকে দেখা যায় লগ যা গলে ছবির সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে। রাজ মেহতার পরিচালনায় করণ জোহরের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে আরও আছেন লক্ষ্য লালবানি। পুনেতে ছবির শেষ পর্যায়ের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ১৪ মে।

গ্লোবাল পিস অনার্স ২০২৬ আয়োজন করে দিব্যাজ ফাউন্ডেশন। সংস্থাটির প্রতিষ্ঠাতা অমৃতা ফড়নবীশ। মুম্বাইয়ে ২৬/১১ হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শান্তি, সাহস ও মানবতার পক্ষে দাঁড়ানো মানুষদের সম্মান জানানো হয়। একই সঙ্গে স্মরণ করা হয় সন্ত্রাসী হামলার শিকার ও সাহসী মানুষদের। অনুষ্ঠানে শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসিসহ অনেক তারকা উপস্থিত ছিলেন। অক্ষয় কুমারও মঞ্চে পরিবেশনা দেন।
টাইগারকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল বাঘি ৪ ছবিতে। এ হর্ষ পরিচালিত অ্যাকশন ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে। সামনে তাঁর হাতে আছে রেমো ডিসুজার পরিচালনায় আরও একটি ছবি। গ্লোবাল পিস অনার্সের মঞ্চে ফেরার পর ভক্তরা এখন অপেক্ষায় আছেন তাঁর পরের কাজের খবরের।









