শাকিব-বুবলী জুটি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেখানে তিনি জানালেন তাঁদের ঘরে নতুন কন্যাসন্তানের আগমন ঘটেছে। সন্তান জন্মদানের খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় শাকিব খানের সাথে তাঁর বিচ্ছেদ ঘটনা। তবে এইসব আলোচনার মাঝেই বুবলী সামনে তুলে আনলেন গুজব ও গুঞ্জনকে কিভাবে মোকাবেলা করতে হয় শাকিব খান থেকে পাওয়া তাঁর শিক্ষা।
গত শুক্রবার নিজের ফেসবুক পেজে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন বুবলী। সেখানে উল্লেখ করা হয়, মূলত গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।
গুঞ্জনই সত্য হলো
এই তথ্যটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে পুরাতন আলোচনাগুলো সামনে চলে আসে। কারণ বিগত কয়েক মাস ধরে বুবলী সন্তানসম্ভবা এমন গুঞ্জন বারবার সামনে আসছিলো। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি, পোশাক-পরিচ্ছদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে নেটিজেনদের একাংশ ধারণা করেছিলেন, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অভিনেত্রী।
এই গুঞ্জন আরো জোরালো হয় কারণ গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে সময় কাটিয়েছেন বুবলী। সে কারণেই এইসব গুঞ্জন খুব চাউর হয়েছিলো।
তবে এতো আলোচনা চললেও সেসময় এসব নিয়ে কোন কথাই বলেননি এই চিত্রনায়িকা। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও চুপ ছিলেন। কখনো সরাসরি স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি।
এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নে বুবলী বলেছিলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত।’
শাকিব খান থেকে পাওয়া শিক্ষা
বুবলী শেষ পর্যন্ত কন্যাসন্তানের জন্ম ও সে খবর প্রকাশের মধ্য দিয়ে এতোদিন ধরে চলা গুঞ্জনের সত্যতাই উৎপাদন করলেন। তবে চমৎকার বিষয় হলো, গুঞ্জনের সময় নীরব থাকার কারণও এক সাক্ষাৎকারে জানিয়েছেন বুবলী। কোন নেতিবাচক মন্তব্য, সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব কীভাবে সামলান-জানতে চাইলে বুবলী বলেছিলেন, এ ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় শিক্ষা তিনি পেয়েছেন শাকিব খানের কাছ থেকে।
বুবলীর ভাষায়, ‘শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তাঁর কারণেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখা। সে কারণে অনেক কিছুই শেখা হয় তাঁর কাছ থেকে। উনি সব সময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে।’
বুবলী আরও বলেন, ‘অনেকে হয়তো হিংসা থেকে অনেক কিছু বলেন, হতাশা থেকে বলেন। অনেক সময় অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। সবকিছু এড়িয়ে চলতে হবে। সবকিছুর জবাব দিতে থাকলে কাজটা কখন হবে?’ এ কারণেই কন্যাসন্তানের জন্ম নিয়ে চলা গুঞ্জনের সময়ও কোনো ব্যাখ্যা দেননি বুবলী। জবাব দিয়েছেন সন্তান সহ।
ভিউ ব্যবসা
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব ও নেতিবাচক কনটেন্ট প্রসঙ্গেও আগে কথা বলেছেন বুবলী। তাঁর মতে, বর্তমানে ভিউ ও অনলাইন ব্যবসার কারণে অনেকেই নেতিবাচক বিষয়কে পুঁজি করেন। বুবলী বলেন, ‘এখন যেহেতু ভিউ ব্যবসার একটা বিষয় আছে, তাই তারা জানে ইতিবাচক কিছু বললে ভিউ হবে না। সে কারণে নেতিবাচকতার আশ্রয় নেয়। যত মিথ্যা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে, ততই ভিউ। এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে একসময় এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।’
তবে সন্তান জন্মদানের পর বুবলীকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগীরা।


