Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ৭, ২০২৬

পোস্টারে চমক, প্রথমবার একসঙ্গে অপূর্ব-ইয়াশ

অপূর্ব ও ইয়াশ রোহান
অপূর্ব ও ইয়াশ রোহান

অপূর্ব-ইয়াশের রহস্যযাত্রা

প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ‘হেডলাইন’ নামের এই নতুন সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা সালেহ সোবহান অনীম। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে সিরিজটির গল্প ও চরিত্রগুলো নিয়ে।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত অপূর্ব এবং ইয়াশ রোহানকে। তাদের মুখভঙ্গি ও দৃষ্টিতে ফুটে উঠেছে রহস্য, অনুসন্ধান এবং কোনো গোপন সত্য উদঘাটনের প্রবল আকাঙ্ক্ষা। পোস্টারের অন্যতম আকর্ষণীয় দিক হলো, দুজনকে যেন পুরনো সংবাদপত্রের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এই ভিজ্যুয়াল ইঙ্গিত দেয়, তারা এমন কোনো চাপা পড়ে থাকা ঘটনা বা চাঞ্চল্যকর সংবাদের অনুসন্ধানে নেমেছেন, যার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য।


জিয়াউল ফারুক অপূর্ব , ছবি: সংগৃহীত

পুরো পোস্টারজুড়ে পুরনো খবরের কাগজের উপস্থিতি সাংবাদিকতা, অনুসন্ধান এবং সত্য অনুসন্ধানের আবহকে আরও শক্তিশালী করেছে। গাঢ় রঙের ব্যবহার, তীক্ষ্ণ দৃষ্টি এবং নান্দনিক নির্মাণশৈলী দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক কোন ঘটনা বা কোন ‘হেডলাইন’-এর পেছনে ছুটছেন অপূর্ব ও ইয়াশ, তার উত্তর জানতে অপেক্ষা করতে হবে সিরিজটির মুক্তি পর্যন্ত।

‘হেডলাইন’এ শুধু অপূর্ব ও ইয়াশই নন, আরও বেশ কয়েকজন পরিচিত মুখকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেকে। নির্মাতাদের আশা, শক্তিশালী অভিনয়শিল্পীদের সমন্বয়ে সিরিজটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, “নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকম গল্প দেখে আমরা বড় হয়েছি কিংবা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা সেই ধরনের গল্পই দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্প। রহস্য, সম্পর্ক এবং আবেগ সবকিছুর সমন্বয়ে এটি তৈরি হয়েছে।”

ইয়াশ রোহান, ছবি: সংগৃহীত

অন্যদিকে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান মনে করেন, সিরিজটি দর্শকদের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে। তিনি বলেন, “আমাদের সবসময় চেষ্টা থাকে এমন কনটেন্ট উপহার দেওয়ার, যা দর্শকদের শুধু বিনোদনই দেবে না, চিন্তার খোরাকও জোগাবে। ‘হেডলাইন’ ঠিক তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার দক্ষতা এবং শক্তিশালী চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দার সামনে ধরে রাখতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।”

বাংলাদেশের ওটিটি অঙ্গনে সাম্প্রতিক সময়ে রহস্য ও অনুসন্ধানধর্মী কনটেন্টের জনপ্রিয়তা বেড়েছে। সেই ধারাবাহিকতায় ‘হেডলাইন’ নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে অপূর্ব ও ইয়াশ রোহানের প্রথম যৌথ উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুর কণ্ঠে পল্লীকবির ‘আমায় ভাসাইলি রে’

মাস্তুলের প্রচারণায় বাবু নদী, জাহাজি ও ভাসমান মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’র…
ফজলুর রহমান বাবু

ইন্সিকিউরড বুবলী- শাকিব খান, অপু বিশ্বাস ও ক্ষমতার খেলাঘর

ক্ষমতা ও পুরুষতান্ত্রিকতা দেশের চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে…
বুবলী শাকিব খান অপু বিশ্বাস
0
Share