তরুণ নির্মাতার সিনেমা মুক্তি
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের উদ্যোগে ১০ তরুণ নির্মাতার ১০টি সিনেমা এবার দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ইউটিউবে। গত বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত এসব চলচ্চিত্র সম্প্রতি ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
প্রদর্শিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিবের ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’ এবং আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।


নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এসব চলচ্চিত্র প্রচলিত ইউটিউব কনটেন্টের ধারা অনুসরণ করেনি; বরং বিভিন্ন ঘরানার গল্প ও পরীক্ষামূলক নির্মাণশৈলী তুলে ধরা হয়েছে। ‘লোক’ বাংলাদেশের লোকজ হরর ঘরানার একটি চলচ্চিত্র, যা ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে ‘সোলমেট’ নির্মিত হয়েছে একটি জুতার দৃষ্টিকোণ থেকে, যা বিদেশি উৎসবেও প্রশংসা কুড়িয়েছে। ‘হুদাই মিস’ এ করপোরেট চাকরিজীবী ও জিনের অদ্ভুত সাক্ষাতের গল্প তুলে ধরা হয়েছে, আর ‘ইশপাইট’ নির্মিত হয়েছে রোমান্টিক গল্পকে কেন্দ্র করে।

ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের অন্যতম উদ্যোক্তা জাহিদুল হক অপু জানান, প্ল্যাটফর্মটিতে প্রায় ২০ জন সদস্য রয়েছেন, যাদের লক্ষ্য এক , স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ। প্রথম সিজনে ১০ জন নির্মাতা চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং অন্য সদস্যরা অভিনয় ও কারিগরি কাজে অংশ নিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় সিজনের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে, যেখানে আরও নতুন নির্মাতাদের সুযোগ দেওয়া হবে।
নির্মাতা শেখ কোরাশানী জানান, তাদের মূল লক্ষ্য ছিল সীমিত বাজেটে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের চর্চা গড়ে তোলা। সেই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও পেশাদার ও পরিণত কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।


