সৌন্দর্য প্রতিযোগিতা
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স সংস্থা । টানা ৭৩ বছরের অংশগ্রহণের ইতিহাস ভেঙে নেওয়া এ সিদ্ধান্তে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
মিস ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতাটির সাম্প্রতিক ব্যবস্থাপনা, নীতিগত পরিবর্তন এবং ২০২৫ সালের আসরে দেখা দেওয়া একাধিক ‘অকার্যকারিতা ও অসংগতি’র কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের দাবি, বর্তমান মিস ইউনিভার্সের দিকনির্দেশনা ও কার্যক্রম আর মিস ফ্রান্সের মূল্যবোধ এবং সাংগঠনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ‘মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার ইচ্ছার প্রতিফলন।’
তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয় বলেও জানিয়েছে মিস ফ্রান্স কর্তৃপক্ষ। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।
মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, ‘মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম কীভাবে এগোয়, সে বিষয়ে তারা নজর রাখবেন।
ফ্রান্সের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিযোগিতা হিসেবে পরিচিত মিস ইউনিভার্স সম্প্রতি বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিগত পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে পড়েছে। এর মধ্যেই অন্যতম পুরোনো অংশগ্রহণকারী দেশের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক।
এদিকে ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের অন্যতম নিয়মিত ও প্রভাবশালী অংশগ্রহণকারী দেশের এমন সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে- কেউ একে সাহসী ও সঠিক সিদ্ধান্ত বলছেন, আবার কেউ বলছেন, এটি প্রতিযোগিতাটির জন্য গুরুত্বপূর্ণ একটি ক্ষতি।
তবে এই সিদ্ধান্তের পর মিস ইউনিভার্স সংস্থা জানিয়েছে, ফ্রান্সের সরে দাঁড়ানোর বিষয়টি তারা নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে ফ্রান্সে তাদের কার্যক্রম নতুনভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। সংস্থাটি বলছে, ২০২৬ সাইকেল থেকে তারা ফ্রান্সে এই প্ল্যাটফর্মকে আরও সংগঠিত ও সরাসরি কাঠামোর মাধ্যমে পরিচালনা করবে, যা নারীদের ক্ষমতায়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণ আরও শক্তিশালী করবে।
তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।