নিষিদ্ধ রণবীর সিং
বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং। ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে দাঁড়ানোর জেরে অভিনেতার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। সংস্থাটির পক্ষ থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বলিউডের অন্যদেরও তাঁর সঙ্গে কাজ না করার অনুরোধ জানানো হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় ‘ডন ৩’ থেকে রণবীরের সরে দাঁড়ানোকে ঘিরে। ফরহান আখতারের অভিযোগ, কোনও পূর্বঘোষণা ছাড়াই ছবি থেকে বেরিয়ে যান অভিনেতা। সিদ্ধান্ত বদলের জন্য তাঁকে নোটিস পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এফডব্লিউআইসিই জানিয়েছে, ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেই কেবল রণবীরের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
এরপরই প্রকাশ্যে আসে এফডব্লিউআইসিইয়ের ‘নন-কো-অপারেশন ডিরেকটিভ’। এর অর্থ, সংগঠনের আওতাভুক্ত সদস্যদের রণবীর সিংয়ের সঙ্গে কোনো প্রকল্পে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ রণবীর ‘নিষিদ্ধ’। বলিউডে যেখানে একটি সিনেমা তৈরিতে শত শত কর্মী—মেকআপ আর্টিস্ট, স্পটবয়, লাইটিং টিম থেকে শুরু করে টেকনিশিয়ান—জড়িত থাকেন, সেখানে এমন নির্দেশনা শুটিং ও প্রযোজনায় বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে।
সংগঠনটির সভাপতি অশোক পণ্ডিত দাবি করেন, প্রথমে রণবীর তাঁদের চিঠির জবাব দেননি। পরে ই–মেইলে তিনি জানান, এটি মূলত চুক্তিগত বিরোধ, তাই এফডব্লিউআইসিইয়ের এ বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। তাঁর মতে, এমন বিরোধ আদালত বা সালিসি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।
যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি রণবীর। তবে তাঁর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা ইচ্ছাকৃত ভাবেই নীরব রয়েছেন। মুখপাত্রের কথায়, “রণবীর সম্পূর্ণ ইন্ডাস্ট্রি এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত প্রত্যেককে গভীরভাবে সম্মান করেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি মনে করেছেন, পেশাগত আলোচনা পারস্পরিক সম্মান বজায় রেখেই হওয়া উচিত।”
এদিকে বিতর্কের মধ্যেই মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় রণবীরকে। সাদা কুর্তা-পাজামা, নেহরু জ্যাকেট, চোখে রোদচশমা ও মুখে কালো মাস্ক পরে কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি অভিনেতা।
রণবীরের ঘনিষ্ঠ মহলের দাবি, এই মুহূর্তে তিনি নিজের চলতি কাজ ও ভবিষ্যতের প্রতিশ্রুতিগুলিতেই মন দিতে চান। পাশাপাশি পুরো পরিস্থিতি সৌজন্য বজায় রেখেই সামাল দেওয়ার চেষ্টা করছেন রণবীর সিং।