এক দশকের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষে
অভিনেত্রী তানজিন তিশার জন্মদিন আজ। এই অভিনেত্রী একাধারে নায়িকা, মডেল ও টেলিভিশন উপস্থাপিকা হিসেবে পরিচিত পেয়েছেন। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। শোবিজে তিশার পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। তবে, মিউজিক ভিডিওর মডেল হয়েই দর্শকদের নজর কাড়েন। অভিনেত্রী তানজিন তিশার জন্মদিন উপলক্ষে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান ভক্ত ও শুভাকাক্ষীরা।

১৯৯৩ সালের ২৩ মে ঢাকায় জন্মগ্রহণ করেন তানজিন তিশা। তার পিতার নাম আবুল কালাম এবং মায়ের নাম ছালমা বেগম। তাদের পৈত্রিক নিবাস শরীয়তপুর জেলায়। পড়াশোনা করেছেন মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে।
নাচ থেকে বিনোদন অঙ্গনে পথচলা
বিনোদন অঙ্গনে তানজিন তিশার হাতেখড়ি হয়েছিল নাচের মাধ্যমে। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার আলাদা আগ্রহ। সেই আগ্রহ থেকেই নাচ শেখা এবং পরবর্তীতে শোবিজে পথচলা শুরু।
২০১১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। রূপ, লাবণ্য এবং গ্ল্যামারাস উপস্থিতির কারণে খুব দ্রুতই বিজ্ঞাপন ও ফ্যাশন দুনিয়ায় পরিচিতি পান। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিশা।

বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে জনপ্রিয়তা
তিশার প্রথম বড় কাজ ছিল নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনই তার ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এরপর ২০১৫ সালে ট্রেসমি ফ্যাশন শোতে র্যাম্প মডেলিং করে প্রশংসা পান তিনি।
২০১২ সালে ইউটিউবে প্রকাশিত রিজভী ওয়াহিদ ও শুভমিতার গান “চোখেরই পলকে” মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিশা। গানটি তরুণ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। পরে ইমরান মাহমুদুল এর “বলতে বলতে চলতে চলতে” গানেও অভিনয় করেন তিনি। সেই গানটিও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায়।

‘ইউ টার্ন’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা
২০১৪ সালে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত “ইউ টার্ন” নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তানজিন তিশার। প্রথম কাজেই অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। এই নাটকে অভিনয়ের জন্য সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারও অর্জন করেন।
এরপর ধীরে ধীরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। রোমান্টিক, পারিবারিক কিংবা সামাজিক গল্প সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিশা।

দর্শকপ্রিয় নাটকে সফল তানজিন তিশা
গত ১০ বছরে অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। বিশেষ করে “পুতুলের সংসার”, “রিকশা গার্ল” এবং “নরসুন্দরী” নাটক দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
“নরসুন্দরী” নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। নাটকটির গল্প ও তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নাটকের পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি। নতুন ধরনের গল্প ও চরিত্রে নিজেকে উপস্থাপন করতে আগ্রহী তিশা।

‘সোলজার’ সিনেমায় অভিষেক হয় বড় পর্দায়
ঢালিউড সুপারস্টার শাকিব খান বিপরীতে ‘সোলজার’ সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় এই অভিনেত্রীর।
তানজিন তিশার জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা
তানজিন তিশার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই তার অভিনয় জীবনের সাফল্য কামনা করেন। এক দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান ধরে রাখা তানজিন তিশা এখন ছোট ও বড় পর্দার অন্যতম জনপ্রিয় তারকা।