Home সর্বশেষ ষাটের দশকের জনপ্রিয় সিরিজ ‘দ্য প্রিজনার’ ফিরছে নতুন রূপে

ষাটের দশকের জনপ্রিয় সিরিজ ‘দ্য প্রিজনার’ ফিরছে নতুন রূপে

ষাটের দশকের জনপ্রিয় সিরিজ ‘দ্য প্রিজনার’ ফিরছে নতুন রূপে
ষাটের দশকের জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘দ্য প্রিজনার’। ছবি: সংগৃহীত

ষাটের দশকে টেলিভিশন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল ব্রিটিশ সায়েন্স ফিকশন ও স্পাই-থ্রিলার সিরিজ ‘দ্য প্রিজনার’। প্রায় ছয় দশক পর আবারও পর্দায় ফিরছে আলোচিত এই সিরিজ। এবার নতুন সংস্করণ নির্মাণের উদ্যোগ নিয়েছে আমাজন স্টুডিওস। দীর্ঘদিন ধরে হলিউডে সিরিজটি নিয়ে সিনেমা তৈরির আলোচনা চললেও শেষ পর্যন্ত সিনেমা নয়, নতুন সিরিজ হিসেবেই দর্শকদের সামনে আসছে এটি।

নতুন সংস্করণটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অ্যাংরি ফিল্মসের সুজান মন্টফোর্ড ও ডন মারফি। প্রকল্পটি আমাজনের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এরই মধ্যে সিরিজটির শোরানার খোঁজ শুরু হয়েছে। নতুন সংস্করণে মূল গল্পের রহস্য ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অক্ষুণ্ণ রেখে কাহিনি সাজানো হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে।

যে গল্পে পরিচয় মুছে যায় সংখ্যায়

১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত প্রচারিত মূল ‘দ্য প্রিজনার’ সিরিজে ছিল মোট ১৭টি পর্ব। সিরিজটির নির্মাতা ও প্রধান অভিনেতা ছিলেন প্যাট্রিক ম্যাকগুহান। স্নায়ুযুদ্ধের সময়কার রাজনৈতিক অস্থিরতা, গুপ্তচরবৃত্তি, ব্যক্তিস্বাধীনতা ও মনস্তাত্ত্বিক সংঘাতকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এর গল্প। সায়েন্স ফিকশন, স্পাই-থ্রিলার ও সাইকোলজিক্যাল ড্রামার মিশেলে সিরিজটি সে সময়ের টেলিভিশন জগতে আলাদা পরিচিতি তৈরি করে।

গল্পের কেন্দ্রে ছিলেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। হঠাৎ চাকরি থেকে পদত্যাগ করার পর তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সমুদ্র ও পাহাড়ে ঘেরা এক রহস্যময় স্থানে। জায়গাটির নাম ‘দ্য ভিলেজ’। সেখানে তার নাম, পরিচয় ও অতীতের সবকিছু মুছে দিয়ে নতুন পরিচয় দেওয়া হয় ‘নাম্বার সিক্স’। কারণ, ওই এলাকার বাসিন্দাদের কাউকে নাম ধরে ডাকা হয় না। প্রত্যেকের পরিচয় একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে।

বাইরে থেকে ‘দ্য ভিলেজ’ দেখতে অনেকটা শান্ত ও স্বাভাবিক জনপদের মতো। বাসিন্দারা নিজেদের মতো চলাফেরা করতে পারেন। কিন্তু আড়ালে চলে সার্বক্ষণিক নজরদারি। উচ্চ প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় পুরো এলাকা। কেউ পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বয়ংক্রিয় যন্ত্র। প্রয়োজনে সেটি প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

ষাটের দশকের জনপ্রিয় সিরিজ ‘দ্য প্রিজনার’ ফিরছে নতুন রূপে
ছবি: সংগৃহীত

এমন পরিস্থিতিতেও কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে রাজি নন নাম্বার সিক্স। নিজের পরিচয় ও স্বাধীনতা ফিরে পেতে বারবার পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয় তাকে। সিরিজের শেষ দিকে তার কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়ে দ্য ভিলেজের প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয় এমন এক চরম সিদ্ধান্ত, যা পুরো ব্যবস্থার অস্তিত্বকেই সংকটে ফেলে দেয়।

পরবর্তী অনেক সিরিজেও প্রভাব রেখেছে ‘দ্য প্রিজনার’

‘দ্য প্রিজনার’-এর অন্যতম শক্তি ছিল ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের মধ্যকার সংঘাত। ব্যক্তির স্বাধীনতা, পরিচয়ের অধিকার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোকে রহস্যময় গল্পের মাধ্যমে তুলে ধরেছিল সিরিজটি। মাত্র এক সিজনে শেষ হলেও এর অভিনব নির্মাণশৈলী, প্রতীকী উপস্থাপন ও ব্যতিক্রমী সমাপ্তি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।

পরবর্তী সময়ে নির্মিত ‘টুইন পিকস’, ‘এক্স-ফাইলস’ ও ‘লস্ট’ এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজের মধ্যেও ‘দ্য প্রিজনার’-এর প্রভাব খুঁজে পেয়েছেন সমালোচকেরা। বিশেষ করে রহস্য, পরিচয়সংকট ও বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা নিয়ন্ত্রণব্যবস্থার মতো বিষয়গুলোতে সিরিজটির প্রভাব উল্লেখযোগ্য।

মূল সিরিজটির জনপ্রিয়তার কারণে একাধিকবার বড় পর্দায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। ক্রিস্টোফার নোলান, রিডলি স্কট ও সাইমন ওয়েস্টের মতো খ্যাতিমান নির্মাতাদের নামও জড়িয়েছিল এসব পরিকল্পনায়। তবে কোনো উদ্যোগই শেষ পর্যন্ত সিনেমা নির্মাণ পর্যন্ত গড়ায়নি।

এর আগে ২০০৯ সালে মার্কিন টেলিভিশন চ্যানেল এএমসি ‘দ্য প্রিজনার’ অবলম্বনে ছয় পর্বের একটি মিনি সিরিজ নির্মাণ করে। এতে অভিনয় করেছিলেন জিম ক্যাভিজেল ও ইয়ান ম্যাককেলেন। তবে নতুন করে গল্প বলার সেই প্রচেষ্টা মূল সিরিজের মতো দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি।

এবার আমাজনের উদ্যোগে আবারও নতুন করে নির্মিত হতে যাচ্ছে ‘দ্য প্রিজনার’। ষাটের দশকের সেই গল্প এবার সমসাময়িক প্রযুক্তি, নজরদারি ও ব্যক্তিস্বাধীনতার সংকটের সঙ্গে কীভাবে যুক্ত হয়, তা জানতে আগ্রহ তৈরি হয়েছে পুরোনো সিরিজের ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here