গান থেকে অভিনয়ে রূপান্তর
সংগীত ও অভিনয় জগত একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গান ছাড়া বাংলা সিনেমা তো বটেই, হালের ওটিটির কাজ এমনকি নাটকও এখন গান ছাড়া কল্পনা করা কঠিন হয়ে উঠেছে। এই অভিনয় জগতের সাথে গানের সম্পর্ক তাই অবিচ্ছেদ্য। আর সেকারণেই প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পীদের গানের জগতের পাশাপাশি অভিনয়ে যুক্ত হতে দেখা যায়। বর্তমান সময়ে এই প্রবণতা অতীত যেকোন সময়ের তুলনায় বেশি। তবে শিল্পী হলেও অভিনয়েও পারদর্শীতার পরিচয় দিচ্ছেন প্রায় সকলেই। গানের মঞ্চ থেকে পর্দার এই ভিন্নধর্মী যাত্রা অনেক শিল্পীর ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। চলুন আজ দেখে নেয়া যাক কন্ঠশিল্পী থেকে অভিনয়শিল্পী হয়েছেন যারা তাঁদের টুকিটাকি তথ্য।
রুনা লায়লা
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাও অভিনয় করেছেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামের একটি সিনেমায় তারই বাস্তব জীবনের সঙ্গী আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটির কাহিনী অনেকটাই তাকে কেন্দ্র করে নির্মিত।
হৃদয় খান

দেশের পপসঙ্গীতের তারকা কন্ঠশিল্পী হৃদয় খানও অভিনয় করেছেন। তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘রূপকথা’ নাটকে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়া তন্ময় তানসেন পরিচালিত ‘ক্ষরণ’ টেলিফিল্মে তারিনের বিপরীতেও অভিনয় করেছেন হৃদয় খান।
তাহসান খান
দেশের হাজারো তরুণ-তরুণীর পছন্দের গায়ক তাহসান খান। গানের পাশাপাশি অসংখ্য নাটকে-টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে তিনি নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন। ‘যদি একদিন’ সিনেমায় ভারতের শ্রাবন্তী চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তাহসান যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পার্থ বড়ুয়া
দেশের আরেক বিখ্যাত শিল্পী পার্থ বড়ুয়া। বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। ‘আয়নাবাজী’ সিনেমায় তার উপস্থিতি দর্শকের নজর কাড়ে। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘মেইড ইন চিটাগং’ সিনেমাতেও দেখা গেছে তাকে। এছাড়া অপি করিমের সাথে জুটি গড়ে তিনি বাংলা রোমান্টিক নাটকের কাল্ট ক্লাসিক অভিনেতায় পরিণত হয়েছেন।
প্রীতম হাসান
সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক প্রীতম হাসান। গান ছাড়াও ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ক্যাকটাস, তুমি আমি শুধু’ এবং ‘ঘুমপরী’র মতো ওয়েব কনটেন্টে কাজ করে পুরোদমে অভিনেতায় পরিণত হয়েছেন প্রীতম। তার অভিনয় ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। একইসঙ্গে হাল আমলের প্রায় সবগুলো সিনেমাতেই গান গেয়েছেন তিনি। ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়াধুড়া’ তাঁর মধ্যে অন্যতম।
জেফার রহমান
এই তালিকায় আছেন জেফার রহমানও। ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর থেকেই বিভিন্ন ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। লাস্ট ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ও ‘তুমি আমি শুধু’–তে তাকে দেখা গেছে।
তপু
এক সময়ের তুমুল জনপ্রিয় গায়ক তপু অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এ। যেখানে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
বালাম

সংগীতশিল্পী বালাম গতবছর অভিনয় করেছেন মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমায়। তাকে সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
শাফিন আহমেদ

ব্যান্ড তারকা শাফিন আহমেদও অভিনয় করেছেন। ‘রিদম অব লাইফ’ নামের ছয় পর্বের ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। অন্যদিকে গায়িকা পড়শী ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছেন এবং মাঝেমধ্যে নাটকেও কাজ করছেন তিনি।
সম্প্রতি দর্শকপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর মেগা এপিসোডে সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান নিজেদের চরিত্রেই অভিনয় করেছেন।
আরো আছেন
কণ্ঠশিল্পীদের অতিথি চরিত্রে অভিনয়ের ঘটনাও কম নয়। আজম খান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কোনাল, সালমা, মিলা-এমন অনেক শিল্পী নাটক ও সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত হয়েছেন। দর্শকদের ব্যতিক্রমী অনুভূতি উপহার দিয়েছেন।
গানের কণ্ঠশিল্পীদের অভিনয়ে অংশগ্রহণ নাটক, ওয়েব ফিল্ম-সিরিজ ও সিনেমাগুলো আরো বৈচিত্র্যময় করে তুলছে। সংগীতের পাশাপাশি অভিনয়ে নিজেদের দক্ষতা দর্শকের কাছে শিল্পীদেরকে নতুনভাবে উপস্থাপন করছে যা দর্শকরা সানন্দেই গ্রহণ করছেন।
নেটিজেনদের প্রশ্ন
তবে ভিন্ন প্রশ্নও তুলছেন কেউ কেউ। অনেক নেটিজেনই জানতে চাইছেন শিল্পীদের অভিনয়ে আসার প্রবণতার পেছনের কারণ সম্পর্কে। গানের চেয়ে শিল্পীরা তারকাখ্যাতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন কিনা কিংবা একই শিল্পীর একাধিক মাধ্যমে কাজ করা কি সৃজনশীলতা বাড়ায়, নাকি মনোযোগও বিভক্ত করে; আবার শিল্পীদের অভিনয় করার কারণে পেশাদার অভিনেতাদের কাজ কমে যাচ্ছে কিনা সে প্রশ্নও উঠছে।


