জাহ্নবী কাপুর
মদ্যপান নিয়ে কথা বলে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর । মাদকাসক্তি নিয়ে করা তাঁর একটি মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন এই বলিউড অভিনেত্রী। তাঁর সঙ্গে যুক্ত অ্যালকোহল-আসক্তি সচেতনতা উদ্যোগ ‘অব দ্য রকস অ্যান্ড আমাহা’ এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমের একটি অংশ তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে।
সোমবার (৪ মে) রাতে একটি বিবৃতি দেয় সংগঠনটি। প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘জাহ্নবী কাপুর এই আলোচনায় যুক্ত একজন সহযোগী ও সহমর্মী; তিনি নিজে কখনো আসক্তি বা অ্যালকোহল–নির্ভরতার অভিজ্ঞতার মধ্যে ছিলেন না।’ তাঁরা জানায় এ ধরনের ভুল ব্যাখ্যা নায়িকার অ্যালকোহল বিরোধীতার ভূমিকাকে খাটো করে এবং আসক্তির সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব অভিজ্ঞতাকে অসম্মান করে।

প্রকাশিত ওই বিবৃতিতে গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্মদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। এতে উল্লেখ্য করা হয়, আসক্তির মতো সংবেদনশীল বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুধু ক্ষতিকরই নয়, এটি সংশ্লিষ্ট মানুষদের প্রতি অসম্মানজনকও।
বিতর্কের শুরু
জাহ্নবী কাপুরকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয় রাজ সামানির পডকাস্টে দেওয়া জাহ্নবীর একটি আলোচনার সূত্র ধরে। সেখানে তিনি বলেছিলেন, জীবনের এক কঠিন অভিজ্ঞতার পর তিনি কিছু সময় নিয়মিত মদ্যপান করেছেন।
তবে জাহ্নবী ঘুরেও দাড়িয়েছেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি বলব না যে আমি আসক্ত ছিলাম বা অ্যালকোহলের অপব্যবহার করতাম, কিন্তু তখন আমি প্রায়ই মদ্যপান করতাম।’

জাহ্নবীর ভাষ্যে, ‘আমার স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ছিল, সেটা আমার ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে ওঠার পর যে অনুভূতি হতো, তা মোটেই সুখকর ছিল না। নিজের শরীর থেকেই এক অদ্ভুত গন্ধ বেরোত। এই গন্ধ আমার খুব পরিচিত ছিল। আমারই এক চেনা ব্যক্তি, যিনি নেশাগ্রস্ত থাকতেন, তাঁর শরীর থেকে এমন গন্ধ বেরোত।’
এই অস্বস্তিকর অভিজ্ঞতা থেকেই ক্রমে তিনি উপলব্ধি করলেন যে, মদ্যপান মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। এরপরেই আস্তে আস্তে সেই অভ্যাস ত্যাগ করেন অভিনেত্রী।
ভবিষৎ কাজ
জাহ্নবী কাপুরকে সামনে দেখা যাবে ‘পেড্ডি’ সিনেমায়। এতে এই অভিনেত্রীর বিপরীতে আছেন রামচরণ। ছবিটি আগামী ৬ জুন মুক্তি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


