Home বলিউড ছুরিকাঘাতের পর এবার সাইফকে প্রাণনাশের হুমকি

ছুরিকাঘাতের পর এবার সাইফকে প্রাণনাশের হুমকি

ছুরিকাঘাতের পর এবার সাইফকে প্রাণনাশের হুমকি
বলিউড অভিনেতা সাইফ আলি খান।

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বাবা সিদ্দীকী হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতারের নাম সামনে এসেছে। মুম্বাই পুলিশের ধারণা, তিনিই এই হুমকির পেছনে থাকতে পারেন। তবে অন্য কেউ তাঁর পরিচয় ব্যবহার করে হুমকি দিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সাইফকে হুমকি দেওয়া হয়। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেতা। হুমকির উৎস শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ।

ছুরিকাঘাতের পর এবার সাইফকে প্রাণনাশের হুমকি

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে বলিউড অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাও একই ধরনের হুমকি পেয়েছিলেন। ওই দুই ঘটনায় বৈভব মিশ্র নামের ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বেঙ্গালুরুর বাসিন্দা বৈভব আইআইটির স্নাতক। পুলিশের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কণ্ঠস্বর নকল করে তিনি অভিনেতাদের হুমকি দিয়েছিলেন। তবে তাঁর সঙ্গে কোনো অপরাধী চক্রের যোগসূত্র পাওয়া যায়নি।

সাইফকে দেওয়া হুমকির পেছনেও একই ব্যক্তি রয়েছেন কি না, নাকি অন্য কেউ জিশান আখতারের নাম ব্যবহার করছেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

সাইফকে ঘিরে আবারও আতঙ্ক

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে নিজের মুম্বাইয়ের বাসায় ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন সাইফ। গভীর রাতে এক ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। এতে গলা ও পিঠে গুরুতর আঘাত পান অভিনেতা। পরে হাসপাতালে প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার করা হয়। সেই ঘটনার পর আবারও প্রাণনাশের হুমকির খবর সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে তাঁর ভক্তদের মধ্যে।

২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় ছেলে জিশান সিদ্দীকীর কার্যালয়ের সামনে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দীকী। তখন তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনজন হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

ওই হত্যা মামলায় জিশান আখতারের নাম উঠে আসে। তিনি বর্তমানে পলাতক। সাইফ আলি খানকে দেওয়া হুমকির ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে মুম্বাই পুলিশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here