আহান পান্ডে ও অনীত পাড্ডা
বলিউডের পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই রসায়ন নজর কেড়েছিলো দর্শকদের। সামাজিক মাধ্যমে চলেছে তুমুল আলোচনা। বক্স অফিসেও ঝড় তুলেছিলো সিনেমাটি। এবার সেই জুটিকে ঘিরেই এলো নতুন খবর। পরিচালক মোহিত সুরির হাত ধরে আবারও বড় পর্দায় আসছে সাইয়ারা জুটি ।
যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় একটি রোমান্টিক ছবির ঘোষণা এসেছে। আর তাতেই বলিপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে সিনেমাটির নাম ঠিক হয়নি এখনো। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর নতুন করে আবার এই জুটির ফেরাতে উচ্ছ্বসিত দর্শকরা।

নতুন ছবি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। হয়তো এই সবকিছু আগে থেকেই লেখা ছিল।
আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল কাজ নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’
যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের ছবিতে আহান এবং অনীতকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’
বর্তমানে এই জুটির হাতে রয়েছে আরও বেশ কিছু বড় কাজ। আহান পান্ডে চুক্তিবদ্ধ হয়েছেন আলী আব্বাস জাফরের একটি প্রজেক্টে। অন্যদিকে অনীতকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামক একটি হরর কমেডিতে, যেখানে তার সঙ্গে থাকছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো তারকারা।
সাইয়ারার আয়
সাইয়ারা সিনেমাটি ২০০৪ সালের কোরীয় চলচ্চিত্র “আ মোমেন্ট টু রিমেম্বার”-এর উপর ভিত্তি করে তৈরি নির্মিত হয়েছে বলে গুঞ্জন রয়েছে। সাইয়ারা ছবিটি বিশ্বব্যাপী ২৭৮ কোটি টাকা রূপী আয় করে এবং ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হিসেবে রেকর্ড গড়েছিলো।
সাইয়ারা জুটির নতুন সিনেমা আবারো বক্স অফিসে হিট বলে মনে করছেন নেটিজেনরা।


