Friday, November 20, 2026

ভোররাতে বাসা থেকে গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

রাজধানীর উত্তরায় নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তাঁর বাসায় পৌঁছায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পুলিশের উপস্থিতির পর ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, কোনো অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন। গ্রেপ্তার করতে হলে যেন তাঁর হাতে হাতকড়া পরানো না হয়, পুলিশের কাছে সেই অনুরোধও জানান। পরে ভোররাত পৌনে তিনটার দিকে তাঁকে বাসা থেকে আটক করা হয়।

তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনে থাকেন জ্যোতিকা জ্যোতি। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভে জ্যোতি

বাসার সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। সেখানে তাঁকে বেশ উদ্বিগ্ন ও কান্নারত অবস্থায় দেখা যায়। পুলিশ কেন তাঁকে আটক করতে এসেছে, সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।

লাইভে জ্যোতি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’

লাইভের একপর্যায়ে মা-বাবার উদ্দেশে কথা বলেন তিনি। তাঁদের আশ্বস্ত করে জ্যোতি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’

‘আলো আসবেই’ গ্রুপে নাম আসার পর বিতর্ক

জ্যোতিকা জ্যোতিকে নিয়ে বিতর্কের বড় একটি অধ্যায় শুরু হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রুপটিতে অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন পরিচিত ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাঁদের তালিকায় ছিল জ্যোতিকা জ্যোতির নামও।

এ নিয়ে তখন নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। ফেসবুক লাইভে তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন জ্যোতি।

ভোররাতে বাসা থেকে গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, ছবি: সংগৃহীত

বাতিল হয় শিল্পকলা একাডেমির নিয়োগ

বিতর্কের প্রভাব পড়ে জ্যোতির কর্মজীবনেও। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়।

কিছুদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে যান জ্যোতি। সেদিন সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন তিনি। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে তাঁর বিরোধিতা করেন তাঁরা। একপর্যায়ে কর্মস্থল ছাড়তে হয় অভিনেত্রীকে।

এরপর ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাতিল করা হয় তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ। পরদিন ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান ঘটেছে।

এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। সেই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে ওই অভিযোগের সঙ্গে বর্তমান গ্রেপ্তারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

দুই দশকের অভিনয়জীবন

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু জ্যোতিকা জ্যোতির। পরে টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’।

দেশের বাইরেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে জ্যোতির। কলকাতার নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন ঋত্বিক চক্রবর্তী।

ময়মনসিংহের গৌরীপুরে জন্ম নেওয়া জ্যোতিকা জ্যোতি অভিনয়ের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে চলচ্চিত্র, নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা ঘটনায় আলোচনায় এলেও এবার গ্রেপ্তারের মধ্য দিয়ে নতুন এক পরিস্থিতির মুখোমুখি হলেন এই অভিনেত্রী।

Share

Read more

Local News