জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম
শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে এই রোমান্টিক ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় এ দুই সংগীত তারকাকে।
গল্পের শুরুটা একদম সাধারণ একটি ঘটনা দিয়ে। ভুল ঠিকানায় পাঠানো হয় একটি ফুড ডেলিভারি। তবে এই ছোট ভুল থেকেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্নধর্মী গল্প, যা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে দুই অপরিচিত মানুষের জীবনকে।
প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণেই ঘটে। অন্যদিকে, জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী- যিনি সম্পর্কের আগে খোঁজেন যুক্তি এবং আবেগকে গ্রহণ করার আগে তোলেন প্রশ্ন।

অপ্রত্যাশিতভাবে বারবার তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে একটি গভীর প্রশ্ন- এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার এই দুজন মানুষ কি সত্যিই একসাথে চলার পথ খুঁজে পাবে?
‘তুমি আমি শুধু’-এর মাধ্যমে শিহাব শাহীন তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। গল্পটি যেমন হৃদয়স্পর্শী, তেমনি বাস্তবধর্মী এবং নিশ্চিতভাবে তা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা বিঞ্জ-এর।
প্রীতমের স্পাই সিরিজ

সম্প্রতি শিহাব শাহীন নির্মিত আরেকটি স্পাই সিরিজে দেখা গিয়েছে সংগীত পরিচালক ও গায়ক প্রীতম হাসানকে। সিরিজটির নাম ক্যাকটাস। এই স্পাই সিরিজে তিনি জুটি বেঁধেছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে। মানসিভ নামে এক হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন প্রীতম। এটিও মেহজাবীনের সাথে তাঁর প্রথম কাজ।
জেফারের ‘তোর ছায়া’
এদিকে এই ওয়েব ফিল্মে নিজেই গান গেয়েছেন জেফার রহমান। সম্প্রতি জেফার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম গান ‘তোর ছায়া’। যৌথভাবে এই গানের কথা লিখেছেন বাঁধন ও জেফার। গীতিকথা লেখার পাশাপাশি গানের সুরও করেছেন জেফার রহমান। সংগীতায়োজন করেছেন রায়হান মাহবুব রাশা। গানটি প্রকাশের পরপরই শ্রোতার মাঝে সাড়া ফেলতে শুরু করেছে।
জেফার জানান ‘তোর ছায়া’ গানের কথাগুলো, কাহিনি ও চরিত্রগুলোর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। সিনেমার গান তৈরি ও প্লেব্যাক দুটোই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ নিয়েই গানটি তৈরি করা হয়েছে, যা গল্প ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলে এই শিল্পী ও নির্মাতারা আশা প্রকাশ করেছেন।


