হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে তৃতীয় সন্তানের মা হয়েছেন। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তাঁদের তৃতীয় সন্তান। সম্প্রতি নিউইয়র্কের রাস্তায় নবজাতককে কোলে নিয়ে হাঁটতে দেখা গেছে এই অস্কারজয়ী অভিনেত্রীকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন হ্যাথাওয়ে। সে সময় বুকের সঙ্গে বাঁধা বেবি ক্যারিয়ারে ছিল নবজাতক। টিএমজির প্রকাশিত ছবিতে ধরা পড়েছে সেই মুহূর্ত। সন্তান জন্মের পর এটাই তাঁর প্রথম প্রকাশ্যে আসা। মার্কিন গণমাধ্যম পিপলও নিশ্চিত করেছে তৃতীয় সন্তানের আগমনের খবর।

তবে সন্তানের নাম, লিঙ্গ কিংবা জন্মের তারিখ এখনো প্রকাশ করেননি হ্যাথাওয়ে-শুলম্যান দম্পতি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই জুটি, আগের দুই সন্তানের ক্ষেত্রেও তারা গোপনীয়তা বজায় রেখেছিলেন।
হ্যাথাওয়ের মা হওয়ার ঘোষণা জুনে
চলতি বছরের জুনে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে তৃতীয়বার গর্ভধারণের খবর জানিয়েছিলেন হ্যাথাওয়ে। সাদা পোশাকে বেবি বাম্প দেখিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। পরে জুলাইয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে এই গর্ভধারণকে নিজেদের জন্য মনোরম এক বিস্ময় বলে বর্ণনা করেছিলেন তিনি।
অক্টোবরে ‘সিবিএস মর্নিংস’ অনুষ্ঠানে হ্যাথাওয়ে বলেছিলেন, নতুন সদস্যের আগমনে তারা রোমাঞ্চিত, তবে সন্তান জন্মের আগে পরিবারের বর্তমান সময়টুকুও উপভোগ করতে চাইছেন। সেই অপেক্ষার অবসান ঘটল এবার।
২০১২ সালের সেপ্টেম্বরে গয়না ডিজাইনার অ্যাডাম শুলম্যানকে বিয়ে করেন হ্যাথাওয়ে। ২০১৬ সালের মার্চে জন্ম নেয় তাঁদের প্রথম ছেলে জোনাথন, আর ২০১৯ সালের নভেম্বরে আসে দ্বিতীয় ছেলে জ্যাক। নতুন সদস্যকে নিয়ে পরিবারটি এখন পাঁচজনের।

পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় যাচ্ছে হ্যাথাওয়ের। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য ওডিসি’সহ একাধিক ছবি নিয়ে এই বছরটা ছিল তাঁর জন্য বিশেষভাবে ব্যস্ত। এর মাঝেই পরিবারে এল নতুন অতিথি।









