তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি নাম ‘কান চিচেকলরি’ (Kan Çiçekleri) যার ইংরেজি নাম ব্লাড ফ্লাওয়ার্স বা ‘ভেনডেটা’। এই ধারাবাহিকটির জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। মূলত একটি পারিবারিক রক্তক্ষয়ী শত্রুতার প্রেক্ষাপটে দুই তরুণ, দিলান ও বারানের প্রেম এবং সংগ্রামের গল্প নিয়েই এই ধারাবাহিকটি। সিরিজটি নির্মাণ করেছে রেইনস পিকচার্স এবং ইউনিক ফিল্ম। ধারাবাহিকটি তুরস্কের কানাল ৭ নামক চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ইয়াগমুর ইউকসেল ও বারিশ বাকতাস যারা এখানে দিলান ও বারান নামে পরিচিত। এই দুই পরিবার দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে শত্রুতায় লিপ্ত। তাই শান্তি স্থাপনের জন্য তাঁদের বিয়ে করতে বাধ্য করা হয়।

শুরুর দিকে সম্পর্ক ছিল ‘অস্বীকৃত’, একে অপরকে পছন্দ করতেও তারা দ্বিধা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা উপলব্ধি করা শুরু করে যে তাদের মধ্যে জেগে ওঠা অল্প অল্প আকর্ষণ একদিকে প্রেমের সূচনা করতে পারে, আবার এই প্রেম তাঁদের পুরো জীবন ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ধারাবাহিকটির প্রতিটি দৃশ্যে দেখা যায় এই দুজনের প্রতি দুজনার ছোট ছোট নীরব অনুভূতি, একে অপরের প্রতি মায়া এবং মানসিক টানাপোড়েন যা ধীরে ধীরে তাঁদের সম্পর্কের গভীরতার দিকে নিয়ে যায়।
বিশ্বজুড়ে তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’
ইতোমধ্যে ‘ভেনডেটা’ নামক এই ধারাবাহিকটি শুধু তুরস্কেই নয়, আন্তর্জাতিকভাবেও সফলতা অর্জন করেছে। জর্জিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, ইউক্রেন, কাজাখস্তান এবং সাব-সাহারান আফ্রিকায় জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষত জর্জিয়ায় এটি প্রাইম টাইমে শীর্ষস্থানীয় ধারাবাহিক হিসেবে আবির্ভূত হয়েছে।

বিপণন সংস্থা গ্লোবাল এজেন্সির প্রধান ইজেট পিন্টো বলেন, ‘আমরা সিরিজটি আন্তর্জাতিকভাবে বিপণন শুরুর পর থেকেই এটি আলোচিত হয়েছে। যেকোনো দেশে সম্প্রচার শুরু হলেই এটি শীর্ষস্থান দখল করে নেয়। দর্শকের সঙ্গে সংযোগ এত গভীর যে তারা চরিত্র এবং গল্পের সঙ্গে আবদ্ধ হয়ে যায়।’
মূল অভিনেতারা প্রথমে নতুন মুখ হলেও, তাঁদের অভিনয়, আবেগপ্রবণতা এবং চরিত্রের গভীরতার কারণে তাঁরা আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন। ইজেট পিন্টো আরও জানান, বর্তমানে তাঁদের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নেরও বেশি।
এখানে দিলান চরিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁকে একজন শক্তিশালী নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি শুধু প্রেমে নয়, বরং পরিবার, ন্যায় এবং নিজের পরিচয় রক্ষায়ও দৃঢ়।
নারী চিত্রনাট্যকার
‘ভেনডেটা’র বিশেষ আকর্ষণ এর চিত্রনাট্যকারেরা বেশিরভাগই নারী। একদিকে যেখানে প্রেম, প্রতিশোধ এবং নৈতিক দ্বন্দ্বের কাহিনি দর্শকদের মোহিত করছে, অন্যদিকে নারী চরিত্রের স্বতন্ত্রতা গল্পে ভারসাম্য বজায় রাখছে।

প্রেম ছাড়াও বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক বন্ধনের চমৎকার এক মিশেল ‘ভেনডেটা’। এটি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হচ্ছে নানারকম মিম ও কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করছেন। ফলে বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’- এর খ্যাতি ছড়িয়ে।


