গণতন্ত্রের পক্ষে ভোট দিলেন তিন বোন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ছিল উৎসবের আমেজ। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের পাশাপাশি ভোট দেন সংস্কৃতি অঙ্গনের অনেক পরিচিত মুখও। গুলশানে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পা ।

বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে যান ঢালিউডের তিন বোন বরেণ্য অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। তাঁরা একসঙ্গে কেন্দ্রে পৌঁছান। গাড়ি থেকে নামতেই তাঁদের হাসিমুখ সবার দৃষ্টি কাড়ে। ছবি তোলার সময়ও ছিলেন প্রাণবন্ত।
তিন তারকার উপস্থিতিতে কেন্দ্রজুড়ে বাড়তি উৎসাহ দেখা যায়। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন তাঁরা। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে ববিতা নতুন সরকারের প্রতি নিজের প্রত্যাশা ও আশাবাদের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের সামগ্রিক অগ্রযাত্রা যেন সঠিক ও ইতিবাচক পথে এগিয়ে যায়, এটাই তার সবচেয়ে বড় কামনা। সাধারণ মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি হওয়া জরুরি বলে মনে করেন তিনি। পাশাপাশি দুর্নীতি কমানোর ওপর জোর দেন এই বরেণ্য অভিনেত্রী। তার মতে, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথে বড় বাধা। বিশেষ করে সংস্কৃতি ও শিল্পাঙ্গনের মানুষদের যেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ থাকে, সেটিও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। শিল্পীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ববিতা বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নতুন সরকারের নীতিনির্ধারণে প্রতিফলিত হওয়া উচিত।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশার কথা আবারও তুলে ধরেছেন এই তিন প্রখ্যাত অভিনেত্রী।


