উৎসবে জায়গা পেয়েছে ৩২ দেশের ৭৪টি সিনেমা
তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ এই ভাবনাকে সামনে রেখে বগুড়ায় তিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে । তরুণদের সৃজনশীলতা ও চলচ্চিত্র চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন। উৎসবটি চলবে আগামী শনিবার পর্যন্ত। উৎসবে জায়গা পেয়েছে ৩২ দেশের ৭৪টি সিনেমা। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উৎসবের অংশ হিসেবে নির্বাচিত চলচ্চিত্রগুলো মধুবন সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে। শুক্রবার বেলা তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে ধারাবাহিকভাবে এসব চলচ্চিত্র প্রদর্শনের সূচি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিল্পকলা একাডেমিতেও উৎসবের নানা আয়োজন থাকবে। উদ্বোধনী দিনের অনুষ্ঠান ছাড়াও শুক্রবার সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও আলোচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি আয়োজিত হবে চলচ্চিত্রবিষয়ক সেমিনার, যেখানে দেশি-বিদেশি নির্মাতা ও বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং চলচ্চিত্রের নানান দিক নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের তোলা নির্বাচিত আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী ‘ফটো রিলস’ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের উৎসবে ৬টি দেশের মোট ৪৫ জন নির্মাতা ও কলাকুশলী অংশগ্রহণ করেছেন, যা এই আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে এবং চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে।

৭টি ক্যাটাগরিতে দেয়া হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার
উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কমপিটিশন। দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।