সৎমা হয়েও সবার প্রিয় কারিনা কাপুর খান। ‘কফি উইথ করণ’-এর নতুন আসরে সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান এক ভিডিও বার্তায় সৎমা কারিনাকে বলেছেন বিশ্বের সবচেয়ে ‘কুল’ ছোটমা। একই বার্তায় বাবা সাইফকে নিজের হিরো ও আদর্শ বলেও উল্লেখ করেন তিনি।
জনপ্রিয় এই শোয়ের বিশেষ পর্বে তারকা দম্পতি সাইফ ও কারিনার সামনে দেখানো হয় ইব্রাহিমের পাঠানো ভিডিও বার্তাটি। সেখানে বাবার উদ্দেশে ইব্রাহিম বলেন, হ্যালো আব্বা ও বেবো। ড্যাড, তুমি আমার আদর্শ, আমার হিরো।
ইব্রাহিমের ভাষ্য, বাবাকে তিনি শুধু তারকা হওয়ার জন্য নয়, জীবনের কঠিন লড়াই পেরিয়ে আসার জন্যই বেশি শ্রদ্ধা করেন। হার্ট অ্যাটাক, আঙুলের চোট আর বান্দ্রার বাসায় ছুরিকাঘাতের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতকিছুর পরেও তুমি শক্তভাবে টিকে আছ; সেই কারণেই তুমি আমার হিরো, সবসময় এভাবেই থাকবে।
এরপর কারিনাকে ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম বলেন, বেবো, আমি চাই তুমি জেনে রাখো যে তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ ছোটমা। তুমি সবসময় আমাদের পাশে থেকেছ; তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। শোয়ের শেষে উপহার কার হাতে যাওয়া উচিত, এমন প্রশ্নে দ্বিধা না করে বাবার নামই বলেন তিনি।
কেন সৎমা হয়েও সবার প্রিয় কারিনা
পারিবারিক এই সুসম্পর্ক নিয়ে সাইফ আলি খান জানান, একটি পরিবারকে সুন্দরভাবে এক সুতোয় বেঁধে রাখার পেছনে কারিনার অবদান অনেক। প্রথম পক্ষের দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে কারিনার চমৎকার সম্পর্ক গড়ে ওঠার কৃতিত্ব তিনি স্ত্রীকে দিলেও সবার পারস্পরিক সহযোগিতাকেও সাধুবাদ জানান।

সাইফ বলেন, সবাই ভীষণ চমৎকার। তবে এই সম্পর্কের পুরো কৃতিত্ব আমি অবশ্যই কারিনাকে এবং বাকিদের দেব, কারণ এই বিষয়গুলো দুদিক থেকেই কাজ করে।
অন্যদিকে ইব্রাহিমের সঙ্গে ছোট দুই ভাই তৈমুর ও জেহের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন কারিনা। তিনি জানান, তৈমুর ও জেহ তাদের বড় ভাই ইব্রাহিমকে ভীষণ ভালোবাসে এবং তার প্রতি দারুণ শ্রদ্ধা রয়েছে।

কারিনার ভাষায়, তৈমুর ও জেহ ইব্রাহিমকে খুব ভালোবাসে। ওরা ওর মতো হতে চায় এবং ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ইব্রাহিমও ওদের সঙ্গে সময় দিতে চেষ্টা করে।









