Monday, November 23, 2026

গান, উল্লাস আর অপেক্ষা, রাত ১০টায় মঞ্চে জেমস

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে আয়োজিত এই কনসার্টে দিনভর ছিল গান আর উচ্ছ্বাস। প্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে জড়ো হয়েছিলেন হাজারো সংগীতপ্রেমী। তবে অনেকের অপেক্ষার কেন্দ্রে ছিলেন নগরবাউল জেমস। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাত ১০টায় মঞ্চে ওঠেন তিনি। ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’ গান দিয়ে শুরু করেন নিজের পরিবেশনা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর সলিডারিটি’। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড। এগুলো হলো নগরবাউল, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।

গান, উল্লাস আর অপেক্ষা, রাত ১০টায় মঞ্চে জেমস
ছবি: সংগৃহীত

দুপুর থেকেই দর্শকের ভিড়

দুপুরের পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় ব্যান্ডের গান শুনতে আসেন সংগীতপ্রেমীরা। বিএনপির র‍্যালি শেষে দর্শকের ভিড় আরও বাড়ে। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে জমে ওঠে আয়োজন।

বিকেল সাড়ে তিনটায় মেকানিক্সের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় কনসার্ট। প্রায় ৪০ মিনিটে পাঁচটি গান শোনায় ব্যান্ডটি। দেশকে উৎসর্গ করে ‘অপরাজেয়’ গান দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মরণে গায় ‘নিয়তি’। একে একে পরিবেশন করে ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ ও ‘বিস্ময়’।

মেকানিক্সের দলনেতা ও কণ্ঠশিল্পী আফতাবুজ্জামান ত্রিদিব গণমাধ্যমকে বলেন, গানের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চায় তাঁর ব্যান্ড। মানুষের কথা ও প্রতিবাদের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগীতের মাধ্যমে প্রতিবাদ জানাতে চান তাঁরা।

গান, উল্লাস আর অপেক্ষা, রাত ১০টায় মঞ্চে জেমস
ছবি: সংগৃহীত

শিরোনামহীন, আর্টসেল ও ফিডব্যাকের পরিবেশনা

মেকানিক্সের পর মঞ্চে আসে শিরোনামহীন। ‘পাখি’ গান দিয়ে পরিবেশনা শুরু করে ব্যান্ডটি। এরপর কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার-মরু’ গানটি পরিবেশন করে তারা। একে একে শোনায় ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘এই অবেলায়’ ও ‘আবার হাসিমুখ’।

শিরোনামহীনের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে বামবা সহযোগিতা করছে। নিজেদের উদ্যোগে এমন আয়োজনের আনন্দ ও পরিবেশ আলাদা। আয়োজনের শৃঙ্খলার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি।

এরপর মঞ্চে পরিবেশনা করে আর্টসেল ও ফিডব্যাক। ‘সে কি তুমি’ গান দিয়ে পরিবেশনা শুরু করে ফিডব্যাক। অন্যদিকে মাইলসের পরিবেশনায় শ্রোতারা উপভোগ করেন ‘জ্বালা জ্বালা’, ‘চাঁদ তারা’, ‘পিয়াসী মন’, ‘সে কোন দরদিয়া’, ‘নীলা’, ‘ধিকিধিকি’ ও ‘ফিরিয়ে দাও’।

দিনভর একের পর এক ব্যান্ডের পরিবেশনা চললেও অনেক দর্শকের অপেক্ষা ছিল নগরবাউল জেমসকে ঘিরে। রাত সাড়ে নয়টা পর্যন্তও তাঁরা অপেক্ষা করছিলেন প্রিয় শিল্পীর জন্য। অবশেষে রাত ১০টায় মঞ্চে ওঠেন জেমস। তাঁর কণ্ঠে ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’ গান শুরু হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা।

কনসার্টের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে বামবার সহসভাপতি এবং ওয়ারফেজের শেখ মনিরুল আলম বলেন, উন্মুক্ত স্থানে এত বড় আয়োজনের ক্ষেত্রে বিপুল দর্শক সামলানো চ্যালেঞ্জের। ব্যান্ড নির্বাচন থেকে শুরু করে সাউন্ড, লাইট, মঞ্চের কারিগরি ব্যবস্থা ও নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট মান বজায় রাখার চেষ্টা করেছেন তাঁরা। দর্শকেরা যেন উৎসবের আমেজে আনন্দের সঙ্গে গান উপভোগ করতে পারেন, সেটিই তাঁদের লক্ষ্য।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন। আনন্দের মধ্য দিয়ে মানুষ যেন বিপ্লবের চেতনা ধারণ করতে পারে, সে জন্য দেশের বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমিতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সদস্যরা।

Share

Read more

Local News