Thursday, November 5, 2026

তরুণ লেখকদের লন্ডনে ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

তরুণ লেখকদের স্বপ্নপূরণে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ব্রিটিশ অভিনেত্রী, চিত্রনাট্যকার ও প্রযোজক ফিবি ওয়ালার-ব্রিজ। আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের উদীয়মান লেখকদের জন্য লন্ডনে একটি ফ্ল্যাট কিনে দান করেছেন তিনি। ‘রাইটার্স ব্লক’ নামের নতুন একটি থিয়েটার উদ্যোগের আওতায় লেখকেরা সেখানে বিনা ভাড়ায় থাকতে পারবেন। তবে তাঁদের ইউটিলিটি বিল পরিশোধ করতে হবে। শুধু ফ্ল্যাট দান করেই থেমে থাকেননি ফিবি, উদ্যোগটির জন্য আর্থিক অনুদানও দিয়েছেন তিনি।

লন্ডনের মতো ব্যয়বহুল শহরে আবাসন খরচ অনেক প্রতিভাবান তরুণ লেখকের ক্যারিয়ার গড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যাঁরা আর্থিকভাবে সচ্ছল পরিবার থেকে আসেন না, তাঁদের জন্য কাজের সুযোগ পেতে রাজধানীতে অবস্থান করাও কঠিন। সেই বাধা দূর করতেই এই উদ্যোগ। এতে ফিবির পাশাপাশি আর্থিক সহযোগিতা করছেন চিত্রনাট্যকার ও নাট্যকার জ্যাক থর্ন। সমর্থকদের মধ্যে রয়েছেন নাট্যকার জেমস গ্রাহাম, ‘হ্যাপি ভ্যালি’ নির্মাতা স্যালি ওয়েইনরাইট, ‘দ্য ক্রাউন’ এর চিত্রনাট্যকার পিটার মরগান এবং ফিবির সঙ্গী চলচ্চিত্র নির্মাতা মার্টিন ম্যাকডোনা।

ফিবি ওয়ালার-ব্রিজ

সাটন ট্রাস্ট ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ পলিসি অ্যান্ড এভিডেন্স সেন্টারের গবেষণা অনুযায়ী, যুক্তরাজ্যের সৃজনশীল শিল্পে কর্মরত ব্যক্তিদের মাত্র ১৬ শতাংশ শ্রমজীবী শ্রেণির পরিবার থেকে এসেছেন। ২০০৮ সালে সোফি ম্যাসন ও ডায়ানা জার্ভিস-রিড প্রতিষ্ঠিত ‘অ্যাডপ্ট আ প্লেরাইট অ্যাওয়ার্ড’ উদ্যোগ থেকেই ‘রাইটার্স ব্লক’ এর ধারণার বিকাশ। প্রতিভা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে নিজের স্বপ্ন থেকে সরে আসতে না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন।

তরুণ লেখকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ফিবি। তবে সৃজনশীল জগতে তাঁর পরিচিতি বহু আগেই তৈরি হয়েছে। বিশেষ করে টেলিভিশনের প্রচলিত গল্প বলার ধরন ভেঙে নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীর জন্য তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

খ্যাতির শিখরে ফিবি ওয়ালার-ব্রিজ

১৯৮৫ সালের ১৪ জুলাই লন্ডনের হ্যামারস্মিথে জন্ম ফিবি মেরি ওয়ালার-ব্রিজের। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে (রাডা) প্রশিক্ষণ নেন তিনি। মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু হলেও লেখালেখির প্রতিভাই তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। ২০১৩ সালে এডিনবরা ফ্রিঞ্জ উৎসবে মঞ্চস্থ হয় তাঁর লেখা একক নাটক ‘ফ্লিব্যাগ’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেন তিনি। এক তরুণীর সম্পর্ক, শোক, যৌনতা, একাকিত্ব ও ব্যক্তিগত সংকটের গল্প নিয়ে তৈরি নাটকটি পরবর্তী সময়ে টেলিভিশন সিরিজে রূপ নেয়।

ফিবি ওয়ালার-ব্রিজ

২০১৬ সালে মুক্তি পায় ‘ফ্লিব্যাগ’ এর প্রথম মৌসুম। এর প্রধান চরিত্র একজন ত্রুটিপূর্ণ, আবেগপ্রবণ ও আত্মবিধ্বংসী তরুণী, যে নিজের জীবনের নানা অস্বস্তিকর অভিজ্ঞতাও হাস্যরসের মাধ্যমে তুলে ধরে। সিরিজটির অন্যতম বৈশিষ্ট্য ছিল চরিত্রটির সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকের সঙ্গে কথা বলা। প্রচলিত ধারার বাইরে এই গল্প বলার কৌশল দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়।

২০১৯ সালে দ্বিতীয় ও শেষ মৌসুম প্রচারের পর সিরিজটি আরও ব্যাপক প্রশংসা অর্জন করে। এর জন্য ফিবি তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব এবং বাফটা টেলিভিশন পুরস্কারসহ গুরুত্বপূর্ণ স্বীকৃতি পান। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি।

‘কিলিং ইভ’ থেকে জেমস বন্ড

‘ফ্লিব্যাগ’ এর সাফল্যের পর ফিবি কাজ করেন থ্রিলার সিরিজ ‘কিলিং ইভ’ এ। লুক জেনিংসের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির প্রথম মৌসুমের প্রধান চিত্রনাট্যকার ও নির্বাহী প্রযোজক ছিলেন তিনি। একজন গোয়েন্দা কর্মকর্তা ও একজন নারী আততায়ীকে কেন্দ্র করে তৈরি গল্পটি রহস্য, অন্ধকার হাস্যরস এবং জটিল নারী চরিত্রের উপস্থাপনার জন্য প্রশংসিত হয়।

ফিবি ওয়ালার-ব্রিজ

এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া কমেডি সিরিজ ‘ক্র্যাশিং’ এরও নির্মাতা ও অভিনয়শিল্পী ছিলেন ফিবি। পর্দার সামনে ও পেছনে দুই জায়গাতেই তাঁর সৃজনশীল ভূমিকা তাঁকে সমসাময়িক টেলিভিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে।

স্টার ওয়ার্স থেকে ইন্ডিয়ানা জোন্স

টেলিভিশনের সাফল্য তাঁকে নিয়ে যায় হলিউডের বড় পর্দায়। ২০১৮ সালে ‘সোলো: আ স্টার ওয়ার্স স্টোরি’ চলচ্চিত্রে এলথ্রি-থ্রিথ্রি নামের বিদ্রোহী ড্রয়েড চরিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মোশন ক্যাপচার প্রযুক্তিতে অভিনয় করেন তিনি।

২০২১ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ এর চিত্রনাট্য রচনায়ও যুক্ত ছিলেন ফিবি। পরে ২০২৩ সালে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ছবিতে হ্যারিসন ফোর্ডের বিপরীতে হেলেনা শ চরিত্রে অভিনয় করেন। ২০২৫ সালে মার্গট রবি ও কলিন ফারেলের সঙ্গে দেখা যায় তাঁকে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ চলচ্চিত্রে।

সামনে ‘টম্ব রেইডার’

অভিনয় ও চিত্রনাট্য রচনার পাশাপাশি প্রযোজনাতেও ব্যস্ত ফিবি। এবার তাঁর নতুন কাজ জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘টম্ব রেইডার’ এর লাইভ-অ্যাকশন টেলিভিশন সিরিজ। অ্যামাজনের এই প্রকল্পে নির্মাতা, চিত্রনাট্যকার ও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন তিনি। সিরিজটিতে জনপ্রিয় চরিত্র লারা ক্রফটের ভূমিকায় অভিনয় করছেন সোফি টার্নার।

ব্যতিক্রমী গল্প বলার ধরন, শক্তিশালী নারী চরিত্র নির্মাণ এবং অভিনয়ের মাধ্যমে ফিবি ইতিমধ্যে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তবে তরুণ লেখকদের জন্য তাঁর সাম্প্রতিক উদ্যোগ দেখিয়ে দিল, নিজের সাফল্যের পাশাপাশি অন্যদের জন্যও সুযোগ তৈরি করতে চান তিনি। পর্দায় গল্প বলার মধ্য দিয়ে যেমন দর্শকদের ভাবিয়েছেন, তেমনি বাস্তবেও নতুন গল্পকারদের স্বপ্ন এগিয়ে নেওয়ার পথ তৈরি করছেন এই ব্রিটিশ তারকা।

Share

Read more

Local News