প্রতিবেশী দেশগুলোতে নাটক নিয়ে যেভাবে খোলামেলা আলোচনা হয়, বাংলাদেশেও নাটক নিয়ে খোলামেলা আলোচনার চর্চা চান অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি পাশের দেশের একটি পডকাস্টে জ্যেষ্ঠ শিল্পী ও লেখকদের নাটকের ভালো-মন্দ নিয়ে খোলামেলা কথা বলতে দেখে নিজের ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
পারসা ইভানার ভাষায়, ‘আমাদের দেশে যদি এ রকম কোনো পডকাস্টে কোনো নাটক নিয়ে বসা হয়, তাহলে অসংখ্য ভুল পাওয়া যাবে। অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো সাধারণত আমাদের দেশে কেউ বলেন না।’ তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তাঁর উদ্দেশ্য নয়, কারও নামও নেননি তিনি।
দেশের নাটকের গল্প শক্তিশালী হলেও খোলামেলা আলোচনার চর্চা থাকলে নির্মাণ ও শিল্পী নির্বাচনে আরও পেশাদারত্ব আসবে বলে মনে করেন তিনি। তাঁর কথা, মেকিং ও কাস্টিংয়ের দিক থেকে আমাদের আরেকটু সচেতন থাকা উচিত।
শেষ মুহূর্তে কাস্টিং বদলের অভিজ্ঞতা পারসা ইভানারও
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে পারসা ইভানা বলেন, কখনো চরিত্র নির্দিষ্ট শিল্পীকে ভেবেই লেখা হয়। কিন্তু শুটিং শুরুর আগে প্রযোজক কিংবা অন্য কারও আপত্তিতে শেষ মুহূর্তে কাস্টিং বদলে যায়। এমন অভিজ্ঞতা তাঁর নিজেরও হয়েছে।

পারসা ইভানা বলেন, ‘আমার সঙ্গেও এ রকম হয়েছে। বলা হয়েছে, আমাকেই লাগবে, চরিত্রটা আমার জন্যই লেখা। শেষ মুহূর্তে হয়তো প্রযোজক বা অন্য কেউ আমাকে নিতে চান না। কিংবা অন্য কোনো কারণে কাস্টিং পরিবর্তন হয়ে যায়। যেটা খুবই বিরক্তিকর।’ এ ধরনের চর্চা বন্ধ হলে দেশের নাটক আরও ভালো জায়গায় পৌঁছাবে বলে বিশ্বাস তাঁর।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ইভা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান পারসা ইভানা। মাত্র একটি মৌসুমে অভিনয় করলেও চরিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন কোনো অনুষ্ঠানে গেলে হাজারো মানুষ তাঁকে দেখতে ভিড় করেন। ভক্তরা এখনো তাঁকে আবার ধারাবাহিকটিতে দেখতে চান।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন রয়েছে পারসা ইভানার। তবে শুধু নাম লেখানোর জন্য সিনেমা করতে চান না তিনি। বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন। যেদিন মনে হবে চরিত্রটিতে নিজের অভিনয়দক্ষতা দেখানোর সুযোগ আছে, সেদিনই বড় পর্দায় আসবেন তিনি।









