জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার বরাবরই নিজের ব্যক্তিগত জীবন প্রচারের আলো থেকে দূরে রাখেন। বিয়ে কিংবা কাছের মানুষদের নিয়ে জনসমক্ষে খুব একটা মুখ খোলেন না তিনি। এ কারণে তাঁকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের আড্ডায় হাজির হয়ে সেই কৌতূহল অনেকটাই মিটিয়েছেন কুসুম। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, তিনি খুব ভালো আছেন, পরম সুখে আছেন, আর নিজের মতো করে স্বাধীন জীবন উপভোগ করছেন।

কুসুম শিকদারের সাফ কথা
বিয়ে নিয়ে বারবার প্রশ্ন করা মানুষদের উদ্দেশে কুসুম বলেন, ‘আমি হ্যাপি আছি, আমি স্বাধীন আছি। আমি তো সব সময় এটাই বলি। যারা বারবার জানতে চান, বিয়ে কবে খাওয়াব, তাদের বলব, আমার বয়সটা দেখুন। আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলেছেন, যেগুলো গবেষণা করে জানা দরকার। এটা আপনাদের দায়িত্ব।’
এই অভিনেত্রী জানান, পেশাগত ও ব্যক্তিগত জীবনকে তিনি কখনোই এক করে দেখতে চান না। কাছের মানুষদের অযাচিত আলোচনা থেকে দূরে রাখতেই এ বিষয়ে তিনি খুব একটা কথা বলেন না।
কুসুমের ভাষায়, তাঁর কাছের ও ভালোবাসার মানুষদের হয়তো তাঁর চেয়ে চার-পাঁচজন কম চেনে। কিন্তু তারা নিজেদের জায়গায় তারকা, নিজ নিজ ক্ষেত্রে সফল। তাদের নিয়ে সেই ধরনের আলোচনা হোক, যেমনটা পরিচিত মুখদের নিয়ে হয়, তা তিনি চান না। এ জন্যই অনেক কিছু তিনি স্পষ্ট করে বলেন না।

ভালো থাকার প্রসঙ্গে কুসুম বলেন, ‘আমি ভালো আছি, সুখে আছি। আমার জীবনে আমার বাবাসহ যেসব পুরুষের কারণে আমার জন্ম হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, সেই মানুষটিই আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ। কারণ, সেই মানুষটি না থাকলে আসলে কুসুম শিকদারেরই জন্ম হতো না।’
নেতিবাচক মানুষ ও পরিস্থিতি এড়িয়ে চলেন কুসুম। যেসব মানুষ তাঁকে মানসিক চাপ দিতে পারে, তাদের থেকে তিনি যতটা সম্ভব দূরে থাকেন। যেসব আড্ডা বা অনুষ্ঠানে গেলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেখানেও যান না তিনি।
অভিনয়ের পাশাপাশি গানেও পরিচিত মুখ কুসুম শিকদার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী দীর্ঘ বিরতি ভেঙে গত বছরের অক্টোবরে ‘প্রবল ঘোর’ গান দিয়ে সংগীতেও ফিরেছেন।









