যশোরে নিজ বাড়ির সামনে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০) হামলার শিকার হয়েছেন । মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছেন এই অভিনেতা।
সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে মাথা ফেটে রক্তাক্ত হন এই শিল্পী।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন তিনি।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তাঁর দাবি, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে ফোনে মেকানিক জাহাঙ্গীর তাঁকে জানিয়েছেন, সমু চৌধুরী তাঁর মা ও বোনকে নিয়ে গালাগাল করায় হামলার ঘটনা ঘটেছে।
এদিকে, সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







