নব্বইয়ের দশকের বাংলা রক সংগীতের স্মৃতি ফিরিয়ে দীর্ঘদিন পর একই মঞ্চে গাইতে যাচ্ছেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান। আগামী ২৩ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্টে পারফর্ম করবেন দুই জনপ্রিয় রক তারকা।
জেমসের পুরো নাম মাহফুজ আনাম জেমস। অন্যদিকে আর্কের কণ্ঠশিল্পী সৈয়দ হাসানুর রহমান হাসান। দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই দুই শিল্পীর একই মঞ্চে উপস্থিতি ঘিরে রকপ্রেমীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। তাঁদের পাশাপাশি কনসার্টে গান শোনাবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য ব্যান্ড।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনসার্টের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। ব্যান্ডগুলোর পরিবেশনার বাইরে একক পরিবেশনায় থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

কনসার্টে টিকিটের দাম কত?
কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই ডট লাইভে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ‘আর্লি বার্ড’ ক্যাটাগরিতে প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। এদিকে কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

রক ও মেটাল সংগীতের আয়োজন
বাংলাদেশের রক ও মেটাল সংগীতের শিল্পী এবং শ্রোতাদের এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নিয়ে ‘রক এন রিদম’ কনসার্ট সিরিজ আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। ২০২২ সালে এই আয়োজনের প্রথম আসর অনুষ্ঠিত হয়। এরপর ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় আসর এবং ২০২৪ সালে চতুর্থ আসর আয়োজন করা হয়।
আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবার বসছে সিরিজটির পঞ্চম আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর পরিবেশনা এবং জেমস ও হাসানের মতো জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে কনসার্টটি দর্শকদের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠবে।
নব্বইয়ের দশকে বাংলা রক সংগীতের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নগর বাউল ও আর্কের মতো ব্যান্ড। সময়ের ব্যবধানে সংগীতের ধরন ও শ্রোতাদের পছন্দে পরিবর্তন এলেও তাঁদের গান এখনো শ্রোতাদের কাছে সমানভাবে পরিচিত। সেই সময়ের রক সংগীতের আবহ আবারও মঞ্চে উপভোগ করার সুযোগ করে দিতেই এবারের আয়োজনকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।







