Tuesday, October 13, 2026

টম ক্রুজের ‘ডিগার’ – বাড়ছে লোকসানের শঙ্কা

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশামতো সাড়া ফেলতে পারেনি। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় কমেছে প্রায় ৬০ শতাংশ। এই ধীরগতির কারণে বড় বাজেটের এই প্রকল্পটি বছরের অন্যতম বড় বাণিজ্যিক ব্যর্থতায় পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিবেশবিষয়ক ব্যঙ্গধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতু। দ্বিতীয় সপ্তাহান্ত শেষে উত্তর আমেরিকার বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী আয় হয়েছে ৩৫ দশমিক ৩ মিলিয়ন ডলার।

মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি উত্তর আমেরিকায় ৮ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ২০ মিলিয়ন ডলার আয় করেছিল। তবে পরের সপ্তাহে দর্শক আগ্রহ কমে যাওয়ায় বক্স অফিস পারফরম্যান্স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‘ডিগার’ এর সম্ভাব্য লোকসান

সিনেমাটি মুক্তির আগে ওয়ার্নার ব্রাদার্স ধারণা করেছিল, প্রেক্ষাগৃহ থেকে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত লোকসান হতে পারে। তবে দ্বিতীয় সপ্তাহান্তের দুর্বল ব্যবসার পর সেই হিসাব আরও বেড়ে প্রায় ২৪৫ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত সিনেমাটির বিশ্বব্যাপী আয় প্রায় ৫০ মিলিয়ন ডলারের কাছাকাছি থামতে পারে।

তবে লাভ-লোকসানের হিসাব নিয়ে ভিন্ন মত রয়েছে। সিনেমার আয়ের বড় অংশ প্রেক্ষাগৃহ মালিকদের কাছে চলে যায়। তাই শুধু টিকিট বিক্রির আয় দিয়ে নির্মাণ ও প্রচারণার খরচ তুলতে বড় অঙ্কের ব্যবসা প্রয়োজন। কিছু হিসাব অনুযায়ী, সিনেমাটিকে লাভজনক হতে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার আয় করতে হতে পারে। অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্সের এক মুখপাত্রের দাবি, বিনিয়োগ তুলে আনতে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় যথেষ্ট হতে পারে।

বড় বাজেটের ঝুঁকিপূর্ণ প্রকল্প ছিল ‘ডিগার’‘ডিগার’ এ টম ক্রুজ অভিনয় করেছেন এক ধনী তেল ব্যবসায়ীর চরিত্রে। তার ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে তৈরি হয় পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা।

টম ক্রুজের ‘ডিগার’

মৌলিক গল্পনির্ভর বড় বাজেটের সিনেমা হিসেবে এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। বর্তমানে হলিউডে এমন সিনেমার জন্য দর্শক তৈরি করা আগের তুলনায় কঠিন হয়ে উঠেছে। ওয়ার্নার ব্রাদার্স শুরুতে সিনেমাটির নির্মাণ বাজেট ধরেছিল ১২৫ মিলিয়ন ডলার। কিন্তু দীর্ঘ শুটিংয়ের কারণে খরচ বেড়ে প্রায় ১৬০ থেকে ১৮০ মিলিয়ন ডলারে পৌঁছায়।

এর পাশাপাশি বিশ্বব্যাপী প্রচারণার জন্য আরও প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে স্টুডিওটি বলে ভ্যারাইটি সূত্র জানিয়েছে। পুরস্কারের মৌসুমে প্রচারণার খরচ এই হিসাবের বাইরে রয়েছে।

হলিউড তারকার সমর্থনও বাঁচাতে পারেনি বক্স অফিস

সিনেমাটির পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন অ্যান হ্যাথাওয়ে, জেন ফন্ডা, গিয়ের্মো দেল তোরো এবং ম্যান্ডি প্যাটিঙ্কিনের মতো পরিচিত ব্যক্তিরা। তারা দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানালেও টিকিট বিক্রির গতি বাড়েনি। সাধারণত কোনো সিনেমা শুধু প্রেক্ষাগৃহের আয় থেকে পুরো বিনিয়োগ ফেরত পায় না। পরবর্তী সময়ে স্ট্রিমিং, টেলিভিশন স্বত্ব এবং অন্যান্য পরিবেশনা চুক্তি থেকে আয় আসে।

তবে ‘ডিগার’-এর ক্ষেত্রে বিনিয়োগ ফিরে পেতে আরও সময় লাগতে পারে। কারণ, টম ক্রুজের চুক্তিতে স্টুডিওর লাভের আগে তার আয়ের অংশ পাওয়ার বিষয়টি রয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের জন্য কঠিন সময়

প্যারামাউন্টের সঙ্গে একীভূত হওয়ার আগে ওয়ার্নার ব্রাদার্সের স্বাধীনভাবে মুক্তি পাওয়া শেষ সিনেমা ‘ডিগার’। চলতি বছরে ‘দ্য ব্রাইড’ ও ‘সুপারগার্ল’-এর মতো সিনেমার দুর্বল বাণিজ্যিক ফলের কারণে স্টুডিওটি চাপের মধ্যে রয়েছে। তবে এর আগে ‘সিনার্স’, ‘আ মাইনক্রাফট মুভি’ এবং ‘উইপনস’-এর মতো সফল সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন সাবেক সহপ্রধান মাইক ডি লুকা ও পাম অ্যাবডি। চলতি বছরে ওয়ার্নার ব্রাদার্সের কোনো সিনেমাই উত্তর আমেরিকার বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারেনি।

‘ডিউন: পার্ট থ্রি’ নিয়ে আশাবাদী স্টুডিও

বছরের শেষ দিকে মুক্তি পেতে যাওয়া ডেনি ভিলনভের ‘ডিউন: পার্ট থ্রি’ নিয়ে আশাবাদী ওয়ার্নার ব্রাদার্স। টিমোথি শ্যালামে, জেনডায়া এবং রবার্ট প্যাটিনসন অভিনীত এই সিনেমাকে ঘিরে স্টুডিওর বড় প্রত্যাশা রয়েছে। তবে আপাতত আলোচনার কেন্দ্রে রয়েছে ‘ডিগার’, যেখানে বড় বাজেট, তারকা শক্তি এবং পুরস্কারপ্রত্যাশী নির্মাতার উপস্থিতি থাকা সত্ত্বেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসেনি।

Share

Read more

Local News