Saturday, October 10, 2026

কঠিন সময়ে শুভশ্রীকেই কেন চেয়েছিলেন দেব

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

ক্যারিয়ারের কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশে চেয়েছিলেন দেব। একের পর এক ছবির ব্যর্থতা, প্রযোজনায় লোকসান আর কাজ করতে না দেওয়ার হুমকি, সব মিলিয়ে একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন টালিউডের এই অভিনেতা। সেই সময় কেন শুভশ্রীকে প্রয়োজন মনে হয়েছিল তাঁর? বৃহস্পতিবার কলকাতার নজরুল মঞ্চে ‘দেশু ৭’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের অজানা অধ্যায়ের কথা বলতে গিয়ে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন দেব।

‘চাঁদের পাহাড়’ এর পরই বদলে যায় পরিস্থিতি

দেবের ক্যারিয়ারে বড় সাফল্য এনে দিয়েছিল ‘চাঁদের পাহাড়’। ছবিটি ব্লকবাস্টার হওয়ার পর সামনে আরও ভালো সময় আসবে বলে আশা করেছিলেন তিনি। কিন্তু এর পরই রাজনীতিতে যুক্ত হওয়া এবং সংসদ সদস্য হওয়ার বিষয়টি তাঁর অভিনয়জীবন নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। অনেকে বলতে শুরু করেন, তাঁর ছবি আর চলবে না। দেবের ভাষ্য, এরপর একের পর এক ছবি বক্স অফিসে ব্যর্থ হতে থাকে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শুভশ্রীকে উদ্দেশ্য করে দেব বলেন, ‘এমন নয় যে জীবনে অনেক কিছু খুব সহজে পেয়েছি। যখন আমার ‘চাঁদের পাহাড়’ ব্লকবাস্টার হলো, তখন ভাবলাম এবার বুঝি সব দারুণ হবে! কিন্তু এর পরেই দেখলাম আমি এমপি হয়ে গিয়েছি। মানুষ বলতে শুরু করল, আমার ছবি আর চলবে না, ফ্লপ হবে। ঠিক তাই হলো, ব্যাক টু ব্যাক আমার ছবি ফ্লপ হওয়া শুরু করল।’

কঠিন সময়ে শুভশ্রীকেই কেন চেয়েছিলেন দেব
ছবি: সংগৃহীত

ব্যর্থতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

পরপর ছবির ব্যর্থতার পর নিজের কাজের ধরনেও পরিবর্তন আনেন দেব। রিমেক ছবি করা বন্ধ করে শুরু করেন নিজের প্রযোজনা সংস্থার যাত্রা। কিন্তু সেখানেও একের পর এক ছবি ব্যর্থ হওয়ায় সহজে ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। তবু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে হাল ছাড়েননি।

দেব বলেন, ‘আমি তখন রিমেক ছবি করা বন্ধ করলাম, নিজের প্রোডাকশন হাউজ খুললাম। কিন্তু সেখানেও ছবি পরপর ফ্লপ হতে থাকল। তখন ভাবতাম, যেকোনোভাবে তো ঘুরে দাঁড়াতে হবে। আমি সবার আগে একজন অভিনেতা, সে অভিনয় আমি পারি বা না পারি; কিন্তু আমার প্যাশন ও ভালোবাসা সবই তো অভিনয়ের সঙ্গে জড়িত। আমি আবার নিজেকে রিভাইভ করলাম।’

নিজের এই লড়াইয়ের কথা বলতে গিয়ে ২০২৫ সালের একটি অভিজ্ঞতার কথাও জানান দেব। তাঁর দাবি, সে সময় তাঁকে বলা হয়েছিল, ছবি করতে দেওয়া হবে না। আরও বিস্ময়ের বিষয়, এমন কথা যাঁরা বলেছিলেন, তাঁরা তাঁর পরিচিত ও বন্ধুস্থানীয় মানুষ।

কঠিন সময়ে শুভশ্রীকেই কেন চেয়েছিলেন দেব
ছবি: সংগৃহীত

‘লড়াইয়ে জিততে হলে তোমাকে দরকার’

দেবের ক্যারিয়ারের এই কঠিন অধ্যায়েই শুভশ্রীর প্রসঙ্গ উঠে আসে। অনুষ্ঠানে শুভশ্রীর এক প্রশ্নের জবাবে দেব জানান, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শুভশ্রীকে পাশে প্রয়োজন বলে মনে হয়েছিল তাঁর। তাঁদের আবার একসঙ্গে কাজ করাকে কেবল কাকতালীয় ঘটনা হিসেবেও দেখেন না এই অভিনেতা। এর পেছনে নিয়তি ও ভাগ্যের যোগসূত্র রয়েছে বলে মনে করেন তিনি।

দেব বলেন, ‘আমি জানি না তুমি কোন ভাগ্য লিখে নিয়ে এসেছ, বা আমি কোন ভাগ্য লিখে নিয়ে এসেছি। ক্যারিয়ারের কঠিন সময় মনে হয়েছিল লড়াইয়ে যদি জিততে হয়, তোমাকে দরকার।’

দর্শকদের ভালোবাসা ও প্রত্যাশার কথাও তুলে ধরেন দেব। তাঁর কাছে বিষয়টি শুধু নিজের ক্যারিয়ার ফিরে পাওয়ার নয়, বাংলা সিনেমাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ারও। দর্শকদের দেখিয়ে তিনি বলেন, তাঁদের স্বপ্ন সত্যি করতে চান তিনি। তাঁর পরিশ্রম ও চেষ্টা নিয়ে দর্শকদের নতুন করে বোঝানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন অভিনেতা।

‘দেশু ৭’ দিয়ে ফিরছেন দেব-শুভশ্রী

দেব ও শুভশ্রীকে সবশেষ দেখা গেছে ‘ধূমকেতু’ সিনেমায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ছবিটি দীর্ঘ সময় নানা জটিলতায় আটকে ছিল। সেই ছবির পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’ ঘিরেও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

দেবের পরিচালনায় নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যও। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর ছবিটি মুক্তির কথা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে ট্রেলার প্রকাশের আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করেও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বহু দর্শক।

‘দেশু ৭’ এর ট্রেলার প্রকাশের পাশাপাশি দেবের ক্যারিয়ারের কঠিন সময়ের অভিজ্ঞতা এবং শুভশ্রীকে পাশে চাওয়ার কথা অনুষ্ঠানের অন্যতম আলোচিত প্রসঙ্গ হয়ে ওঠে। নতুন ছবিতে এই জুটির রসায়ন বড় পর্দায় কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

Share

Read more

Local News