বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের উপস্থাপনায় ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন মীরা রাজপুত। অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরার সঙ্গে করিনার এই প্রথম একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল। আর এই সাক্ষাৎ ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কারণ, একসময় শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন করিনা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করিনা ও মীরার একটি ছবি প্রকাশ করেন করিনা। ছবির সঙ্গে মীরাকে ‘অত্যন্ত উষ্ণ ও মিষ্টি’ অতিথি হিসেবে স্বাগত জানান তিনি। মীরাও অনুষ্ঠানের সেট থেকে কয়েকটি ছবি শেয়ার করে করিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
করিনা ও মীরার সাক্ষাৎ ঘিরে ভক্তদের কৌতূহল
মীরা তাঁর পোস্টে লেখেন, ‘What women want is to be themselves. Thanks, Kareena Kapoor Khan, for having me and for being the woman you are.’ জবাবে করিনা লেখেন, ‘So happy you came, gorgeous।’ তাঁদের এই কথোপকথনও ভক্তদের নজর কেড়েছে। করিনা ও মীরার একসঙ্গে ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই এমন সাক্ষাৎকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন। বিশেষ করে শহিদ কাপুরের সঙ্গে করিনার পুরোনো সম্পর্কের কারণে এই সাক্ষাৎ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
করিনা ও শহিদ ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও দুজনের পেশাগত যোগাযোগ ছিল। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘জব উই মেট’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তাঁরা। পরে করিনা ২০১২ সালে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহ।
অন্যদিকে শহিদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান মেয়ে মিশা ও ছেলে জেইন। মীরা সাধারণত প্রচলিত তারকা আড্ডা বা সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে খুব বেশি দেখা দেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মূলত পরিবার, সন্তান পালন, ফিটনেস ও সৌন্দর্যচর্চা নিয়ে নিজের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
‘হোয়াট উইমেন ওয়ান্ট’ অনুষ্ঠানে করিনা সাধারণত সম্পর্ক, পরিবার, মাতৃত্ব, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে অতিথিদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। মীরার পর্বেও কী কী বিষয় উঠে আসবে, তা এখনো প্রকাশ করা হয়নি। নতুন মৌসুমে পর্বটি প্রচার হবে বলে জানানো হলেও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
মীরা ও করিনার এই সাক্ষাৎ নিয়ে এখন দর্শকদের আগ্রহ, অনুষ্ঠানের পর্বে দুই তারকার কথোপকথনে কী উঠে আসে। বিশেষ করে শহিদ কাপুরকে ঘিরে তাঁদের অতীতের সম্পর্কের কারণে পর্বটি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।









