১৯৯৮ সালে মুক্তির পর যে সিনেমা বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল, ২৮ বছর পর সেই ‘হঠাৎ বৃষ্টি’ আবার ফিরছে নতুন রূপে। ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর সেই জনপ্রিয় জুটির স্মৃতি এবার নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসুদেব চ্যাটার্জি। সিনেমাটিতে নতুন দুই মুখ হিসেবে হাজির হয়েছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা। তাদের অভিনয় ও পর্দার রসায়ন সিনেমাটিকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে।

দীর্ঘ ২৮ বছর পর সেই গল্পই নতুন আঙ্গিকে নিয়ে ফিরছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। মূল গল্প অপরিবর্তিত রেখেই বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
ফেরদৌস-প্রিয়াঙ্কার জায়গায় আরিয়ান-রাদিফা
নতুন সিনেমায় ফেরদৌসের জায়গায় অভিনয় করেছেন আরিয়ান। আর প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।

‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার বড় একটি অংশজুড়ে ছিল সিনেমাটির গান। নচিকেতা চক্রবর্তীর সুরে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো এখনও শ্রোতাদের মনে জায়গা করে আছে।
পুরোনো গানে ফিরবে সেই আবহ
পুরোনো সেই আবহ ধরে রাখতে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে ছয়টি পুরোনো গানের মধ্যে তিনটি নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের রুচির কথা মাথায় রেখে যুক্ত হয়েছে আরও দুটি নতুন গান।
নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী নির্মাতা কামরুজ্জামান। সবকিছু ঠিক থাকলে আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।







