ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর
জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। আত্মগোপনে থাকা ছোট পর্দার এই অভিনেতা শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ঘিরে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। পোস্টটিকে তিনি নিজের ‘শেষ পোস্ট’ বলেও উল্লেখ করেন।

স্ট্যাটাসে জাহের আলভী দাবি করেন, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনেই ছিল। তার ভাষ্য অনুযায়ী, গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু বাসায় এসেছিলেন। তারা গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন এবং ধূমপান ও মদ্যপানের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
ঘুমের ওষুধ আনার অভিযোগ, ফুটেজ না মুছতে অনুরোধ
স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনিয়েছিলেন। সেই ঘটনাও সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে বলে জানান আলভী। তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন যেন ওই সিসিটিভি ফুটেজ কোনোভাবেই মুছে ফেলা বা নষ্ট করা না হয়।

এছাড়া ইকরার মোবাইল ফোন এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা। তার দাবি, ইকরার ফোনটি পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকেই জানা যেতে পারে, ইকরার ফেসবুক অ্যাকাউন্ট কে ডিঅ্যাক্টিভেট করেছে বা কোনো তথ্য মুছে ফেলার চেষ্টা হয়েছে কি না।
স্ত্রী ইকরার অতীত নিয়েও প্রশ্ন আলভীর
জাহের আলভীর বিস্ফোরক অভিযোগের আরেকটি অংশে স্ত্রীর অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক ছিল কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।

জীবন নিয়ে শঙ্কায় জাহের আলভী, সুষ্ঠু তদন্তের দাবি
স্ট্যাটাসের শেষ দিকে আলভী নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্ন মহলের চাপ ও বিরোধের কারণে নিজের জীবনের ঝুঁকি অনুভব করছেন। একই সঙ্গে সন্তানের ভবিষ্যতের কথা উল্লেখ করে তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।