গণতন্ত্রের পক্ষে ভোট দিলেন তিন বোন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ছিল উৎসবের আমেজ। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের পাশাপাশি ভোট দেন সংস্কৃতি অঙ্গনের অনেক পরিচিত মুখও। গুলশানে ভোট দেন তিন বোন সুচন্দা-ববিতা ও চম্পা।

বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে যান ঢালিউডের তিন বোন বরেণ্য অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। তাঁরা একসঙ্গে কেন্দ্রে পৌঁছান। গাড়ি থেকে নামতেই তাঁদের হাসিমুখ সবার দৃষ্টি কাড়ে। ছবি তোলার সময়ও ছিলেন প্রাণবন্ত।
তিন তারকার উপস্থিতিতে কেন্দ্রজুড়ে বাড়তি উৎসাহ দেখা যায়। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন তাঁরা। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

এর আগে এক সাক্ষাৎকারে ববিতা নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, দেশ যেন সঠিক পথে এগিয়ে যায়। মানুষ শান্তিতে থাকুক। দুর্নীতি কমুক। শিল্পীরা নিরাপদে কাজ করার সুযোগ পান এটাই তাঁদের চাওয়া।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশার কথা আবারও তুলে ধরেছেন এই তিন প্রখ্যাত অভিনেত্রী।