থালাপতি বিজয়
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম ইতিমধ্যে বিজয় থেকে বিচ্ছেদ চেয়ে কোর্ট মামলা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের এর সঙ্গে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এই অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। সেই বিতর্কের মুখে থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে মুখ খুললেন সম্প্রতি।
এতদিন পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন বিজয়। তবে অবশেষে তিনি এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন এবং ভক্তদের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন। রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই নিজের ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে চলমান গুঞ্জন নিয়ে কথা বলেন।

থালাপতি বিজয় যা বললেন
বিজয় বলেন, “যা রটছে, রটতে দিন। যা ঘটছে, ঘটতে দিন। এসব নিয়ে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। অযথা এসব নিয়ে ভাবলে শুধু সময়ের অপচয়ই হবে। আমি সবকিছু নিজেই সামলে নেব। তবে একটি বিষয় আমাকে কষ্ট দেয়—আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যে আলোচনা বা গুজব চলছে, তা নিয়ে আপনারা এতটা চিন্তিত হচ্ছেন, সেটাই আমাকে বেশি কষ্ট দেয়। তাই অনুরোধ করছি, এসব নিয়ে অকারণে দুশ্চিন্তা করবেন না।”
সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যায়। তখনই তাঁদের উপস্থিতি নতুন করে বিতর্কের জন্ম দেয়। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করেন। গত কয়েক দিন ধরেই বিজয় ও সঙ্গীতার দাম্পত্য ভাঙনের খবর নিয়ে জোর আলোচনা চলছে।
এদিকে আদালত ইতিমধ্যে এই মামলার বিষয়ে নির্দেশ দিয়েছে। আদালতের পক্ষ থেকে বিজয়কে আগামী ২০ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
থালাপতি বিজয়ের প্রতিশ্রুতিহীনতা
এর আগে বিজয়ের স্ত্রী সঙ্গীতা অভিযোগ করেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রেখেছেন বিজয়। তাঁর দাবি, ২০২১ সালেই তিনি স্বামীর এই সম্পর্কের বিষয়ে জানতে পারেন। যদিও সেই সময় বিজয় নাকি সম্পর্কটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেই অভিযোগ করেছেন সঙ্গীতা।
এই পরিস্থিতিতে বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তবে অভিনেতা নিজে বিষয়টি নিয়ে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন।


