চিরকুট ব্যান্ড
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি তাই অনেকের কাছেই বিশেষদিন। এ উপলক্ষে নিজের সংগ্রাম, সাফল্য ও অনুভূতির কথা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমীন সুলতানা সুমী। মফস্বল থেকে উঠে এসে দুই দশকের বেশি সময় ধরে সংগীত ও সৃজনশীল ক্ষেত্রে অবদান রেখে এসেছে তিনি। শারমীন সুলতানা সুমী তাঁর ফেসবুক পোস্টে ভাগ করেছেন নানা অভিজ্ঞতা ও ভাবনার কথা। জানিয়েছেন দূর থেকে হলেও মানুষকে যতটুকু সম্ভব ভালোবাসার কথা।
আজ রবিবার দুপুরে দেয়া ফেসবুক স্ট্যাটাসের পোস্টে তিনি প্রথমেই নিজেকে বাহবা দেন। এরপর শুরু করেন তাঁর অতীত ভ্রমণ। তিনি লিখেছেন, খুলনার খালিশপুরের সুমী। ২৪ বছর ধরে হার না মানা চিরকুট; ১৯ বছর ধরে অসংখ্য ব্র্যান্ডের ক্রিয়েটিভ আর স্ট্র্যাটেজিতে কাজ করে যাওয়া বিজ্ঞাপন শিল্পের এক নিরলস শ্রমিক।

কোয়াইট আ জার্নি!
এরপর সুমী লিখেছেন, “তুমি থামো নাই। এই দেশের ধূলো মাটি কনায় মিশে থাকতে ভুলো নাই। স্রষ্টার অপার কৃপায় ছোট শহরের গল্পকে বড় বানাইসো। অসংখ্য মানুষের সাহস হইসো। সকল প্রতিকূলতার বিপরীতে ভালোবাসতে, হাসতে ভুলো নাই। যাদের আপন বলে জানসো; বছরের পর বছর তাঁদের পাশে থাকতে এতটুকু কার্পণ্য করো নাই। ভুল করলে ক্ষমা চাইতে ভুল নাই। কষ্ট দিলে সরি বলতে দেরি কর নাই। মাথা উঁচু রাখতে ছাড়ো নাই।“
নারী না মানুষ হয়েই কাজ করে গেসো
সুমি নিজেকে নারী না ভেবেই কাজ করে গিয়েছেন। তিনি লিখেছেন,”শুধু নারী না মানুষ হয়েই কাজ করে গেসো। এরপর তিনি লিখেন, নিজের দর্শনে, কথায়, সুরে দেশের অসংখ্য গান প্রেমীদের হৃদয় হইসো, বিরতিহীন সৃষ্টি করে গেছো, সুখ-দুঃখে জীবনের অনুপ্রেরণার গল্প বলেছো। এভাবে একদিন নিজের অজান্তেই শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসায় সারা বাংলাদেশের হয়ে উঠেসো। আমি তো জানি তুমি এতসবের কিছু হতে চাও নাই। তুমি শুধু নিজের ধ্যানে কাজ ভালোবেসে গেসো। কোনদিন একা বড় হতে চাও নাই। সবার মুখে হাসি ফুটায়ে একসাথে আগাতে চাইসো। কখনো পারসো, কখনো পারো নাই। অপবাদ নিসো। অভিযোগ করো নাই। হাল ছাড়ো নাই।“
যতটুকু সম্ভব মানুষকে ভালোবাসতে হবে!
নিজেকে আবারো অভিবাদন দিয়ে সুমী লিখেছেন, “সুমী, আজকে তোমাকে অভিবাদন!
মানুষকে ভালোবাসতে হবে বলে তিনি লিখেছেন,”জীবন ছোট। পৃথিবীর পতিপথ পাল্টেছে। এত এত হতাশা আর হাহাকারেই যে করেই হোক একটু ভাল থাকার উপলক্ষ হতে হবে। তাই যতদিন বেঁচে থাকা; কনসার্টে, স্টুডিওতে, বিজ্ঞাপনের স্ক্রিপ্টের পাতায় পাতায় চলুক সময়-অসময় জয়ের নতুন নতুন অধ্যায়। কখনো যদি গানে না থাকো; তুমি যা করবা তাই যেন গান হয়ে ওঠে। মানুষ অক্লান্ত বলুক না “ও এমন ও তেমন”। বলুক না। না বললে আগাবা কেমনে! তারপরও দূর থেকে হলেও মানুষকে যতটুকু সম্ভব ভালোবাসতে হবে বলেই তোমার শিক্ষা।“

নিজেকে সময় দেয়া নিয়ে তিনি লিখেন, এবার সময় করে একটু নিজের জন্যও বাঁইচো। নিজের প্রতি একটু সদয় হইও।’
একটা বড় হাগ
সর্বশেষ সেসকল মানুষ ও ছেলেমেয়েদের তিনি আলিঙ্গন করেছেন তাঁর হৃদয় দিয়ে যারা শত বাঁধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে, গিয়েছে। তিনি লিখেন,”নারী দিবস আর সব দিবসে সকল অসহযোগিতা, অকারণ অবহেলা সহ্য করে, মুখে হাসি নিয়ে নিজের কাজ এগিয়ে নেয়া ছেলে মেয়ে নির্বিশেষে এমন সব “নিজেকে” একটা বড় হাগ।“


