ঈদের সিনেমার ট্রেলার
দেশে ও দেশের বাহিরে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে বেশ কিছু সিনেমা। ইউটিউবে ট্রেন্ডিং মুভি ট্রেলারস-এ জমে উঠেছে সিনেমার ট্রেলারের প্রতিযোগিতা। বেশ কয়েক দিন ধরেই এই ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিলেন রণবীর সিং। সেই বলিউড ছাপিয়ে শাকিব-সিয়ামরা ইউটিউবের শীর্ষে এখন। ইউটিউবের আলোচনার কেন্দ্রে দুই বাংলাদেশি ছবি। তালিকার এক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজার, আর দ্বিতীয় স্থানে সিয়াম আহমেদের ‘রাক্ষস’–এর ট্রেলার।
ঈদকে ঘিরে এসকে ফিল্ম ইউটিউব চ্যানেলে দুই দিন আগে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ পায়। এটি দুই দিনে বাংলাদেশ থেকে দেখা হয়েছে সাত লাখের বেশিবার। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটিকে প্রি-ব্লাস্ট বলা হচ্ছে। টিজারে শাকিব খানকে দেখা গেছে লম্বাচুলের গ্যাংস্টার রূপে। আবু হায়াত মাহমুদ সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমার শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের চিত্র, অপরাধ। এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের শাকিব খান। লম্বা চুলে চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে ও গুলিতে প্রিন্স প্রতিপক্ষকে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধরাশায়ী করে ফেলেন। ট্রেলারে ৭ হাজারের বেশি দর্শক এখন পর্যন্ত মন্তব্য করেছেন। ৩৪ হাজার দর্শক লাইক দিয়েছেন দর্শকরা।
এছাড়া, শনিবার রাতে প্রকাশিত হয়েছে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার ট্রেলার। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পর ৭ লাখের বেশি দর্শক দেখেছেন। আর ৬ হাজারের বেশি দর্শক মন্তব্য করে ট্রেলারের প্রশংসা করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমায় ভিন্নভাবে এই প্রথম ধরা দিলেন সিয়াম। অ্যাকশন ঘরানার এই সিনেমায় সিয়ামকে দেখা যাবে মারমুখী চরিত্রে। ভয়ংকর পরিস্থিতি তৈরি করে খুন খারাবির মাধ্যমে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। সিয়ামের সহশিল্পী টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
শাকিব-সিয়ামদের পরে রণবীর
ইউটিউবে ট্রেলার দেখা বাংলাদেশী দর্শকদের সংখ্যার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রণবীরের ‘দ্য রিভেঞ্জ’, চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক সিনেমা ‘টক্সিক’ এর ট্রেলার। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমার ট্রেলার। একটি ট্রেন ভ্রমণের গল্প নিয়েই এই সিনেমা। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। হইচই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ট্রেলারটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত দেখেছেন সাড়ে ৪ লাখের মতো দর্শক। ১ হাজারের বেশি দর্শক এখানে মন্তব্য করেছেন। লাইক দিয়েছেন ১৩ হাজার দর্শক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূরসহ অনেকে।
ইউটিউব ট্রেন্ডিং তালিকায় ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘বনলতা এক্সপ্রেস’–এর অবস্থান এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশের সিনেমার প্রতি মানুষের যে আগ্রহ অনেক, মনের মতো সিনেমা পেলে দমে যেতে পারে বলিউডের মতো নামকরা সিনেমা ইন্ডাস্ট্রিও। আসন্ন ঈদকে ঘিরে যেই সিনেমা উন্মাদনা চলছে তা দেশের সিনেমা শিল্পকে নিশ্চয় এগিয়ে নিয়ে যাবে।


