Tuesday, November 10, 2026

যৌনপল্লি থেকে বলিউড, আশিকি ২-এর লেখকের অবিশ্বাস্য জীবনকাহিনি

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি ২-এর লেখকের নাম শাগুফতা রফিক। ইমরান হাশমি ও আদিত্য রায় কাপুর অভিনীত একাধিক সফল সিনেমার চিত্রনাট্যও এসেছে তাঁর কলম থেকে। কিন্তু পর্দার এসব গল্পের বাইরে শাগুফতার নিজের জীবনও যেন সিনেমার চিত্রনাট্য। দারিদ্র্যের কারণে মাত্র ১১ বছর বয়সে পার্টিতে নাচতে শুরু করেন তিনি, ১৭ বছর বয়সে জড়িয়ে পড়েন যৌনকর্মে। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি বলিউডের পরিচিত চিত্রনাট্যকার ও পরিচালক।

যৌনপল্লি থেকে বলিউড, আশিকি ২-এর লেখকের অবিশ্বাস্য জীবনকাহিনি

শাগুফতার জন্ম মুম্বাইয়ে। অভিনেত্রী আনোয়ারি বেগম তাঁকে দত্তক নিয়েছিলেন। আনোয়ারি ছিলেন ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাঈদা খানের মা। দত্তক বাবার মৃত্যুর পর পরিবারে আর্থিক সংকট দেখা দেয়, সংসারের দায়িত্বও ক্রমে কঠিন হয়ে ওঠে।

মাত্র ১১ বছর বয়সে মুম্বাইয়ের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে প্রথম নাচেন শাগুফতা। এক আত্মীয়ের মাধ্যমে সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর। অনুষ্ঠানে উপস্থিত বেশির ভাগ পুরুষই ছিলেন নেশাগ্রস্ত। কোমরে ওড়না বেঁধে নাচার পর দর্শকেরা তাঁকে টাকা দেন। সেদিনই তিনি বুঝতে পারেন, নাচের বিনিময়ে অর্থ উপার্জন করা সম্ভব।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ ছিল তাঁর, মায়ের ইচ্ছা ছিল মেয়ে অভিনেত্রী হবেন। কিন্তু সংসারের অভাব মেটাতে পার্টিতে নাচকেই উপার্জনের পথ হিসেবে বেছে নেন শাগুফতা। প্রতিরাতে প্রায় ৭০০ রুপি পেতেন তিনি, অথচ মাসে ৫০০ রুপিতেই তখন তাঁদের সংসার চলত। তবে এক অনুষ্ঠানে এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করলে মা তাঁকে সেখান থেকে সরিয়ে আনেন।

এরপরও জীবনের কঠিন সময় কাটেনি। ১৭ বছর বয়সে এক ধনী ব্যক্তির উপপত্নী হন শাগুফতা। তাঁর ভাষায়, ওই সময়টি ছিল অত্যন্ত অপমানজনক, সামান্য অর্থের বিনিময়ে অন্য একজন তাঁর স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিলেন। পরে বাধ্য হয়ে যৌনকর্মী হিসেবেও কাজ করেন তিনি। সেখান থেকে বেরিয়ে আবার বার ড্যান্সিং শুরু করেন, কাজের সন্ধানে মুম্বাই থেকে দুবাইয়েও যান।

নিজের অতীত নিয়ে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাগুফতা বলেন, এক পরিস্থিতি থেকে বেরিয়ে অন্য কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে। যৌনকর্মী থেকে বার ড্যান্সার, এভাবে বেঁচে থাকার লড়াই চলেছে দীর্ঘদিন।

এই সময়েই লেখালেখির প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। সিনেমার গল্প লেখার স্বপ্ন নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের দরজায় ঘুরেছেন, কিন্তু অভিজ্ঞতা না থাকায় কেউ কাজ দিতে চাননি। তবু থেমে থাকেননি তিনি, বার কিংবা সস্তা হোটেলে অবসর পেলেই লিখতেন নিজের গল্প।

কলমের জোরে বলিউডে নিজের জায়গা শাগুফতার

২০০০ সালে অবশেষে মহেশ ভাটের সঙ্গে দেখা করার সুযোগ পান শাগুফতা। পরে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসে কাজের সুযোগ হয়। ২০০৬ সালে মুক্তি পাওয়া ওহ লমহে সিনেমার মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর আওয়ারাপন, মার্ডার ২, জান্নাত ২, রাজ ৩ ও জিসম ২-এর মতো সিনেমার চিত্রনাট্য লেখেন। আশিকি ২-এর লেখকের নামেই বলিউডে পরিচিত হন তিনি।

চিত্রনাট্যকার অমিত মাসুরকরের মতে, অন্য অনেক লেখকের মতো শুধু চিন্তা থেকে নয়, শাগুফতা লেখেন হৃদয় দিয়ে। এ কারণে তাঁর গল্পে মানুষের জীবনের অভিজ্ঞতা ও আবেগ ফুটে ওঠে। মহেশ ভাটও তাঁর গল্প বলার দক্ষতার প্রশংসা করেছেন।

২০১৯ সালে বাংলা অ্যাকশন থ্রিলার মন জানে না পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন শাগুফতা। পরে দুশমন: আ স্টোরি অব দ্য এনেমি উইদিন সিনেমাতেও পরিচালনার দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে ২০টির বেশি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি।

যৌনপল্লি থেকে বলিউড, আশিকি ২-এর লেখকের অবিশ্বাস্য জীবনকাহিনি

সাফল্য এলেও অতীত নিয়ে নানা মন্তব্য শুনতে হয় তাঁকে। তবে নিজের জীবনের গল্প বলতে দ্বিধা নেই শাগুফতার। তাঁর মা ১৯৯৯ সালে ক্যানসারে মারা যান। মায়ের জীবনসংগ্রাম তাঁকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে বলেও জানান তিনি।

নিজের অতীত নিয়ে সমালোচনার জবাবে শাগুফতার বক্তব্য, নিজের নৈতিকতা নিয়ে অন্য কাউকে বিচার করার সুযোগ দিতে চান না তিনি। তাঁর জীবন, তাই নিজের গল্প নিজেই বলতে চান।

একসময় দারিদ্র্যের কারণে যে জীবন বেছে নিতে বাধ্য হয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে আশিকি ২-এর লেখকের পরিচয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন শাগুফতা রফিক। তাঁর গল্পের সবচেয়ে বড় দিক হলো, প্রতিকূলতার মধ্যেও লেখার স্বপ্ন ছাড়েননি তিনি।

Share

Read more

Local News