মোশন ফার্স্ট লুক নজর কাড়ে দর্শক-ভক্তদের
হঠাৎই পাল্টে যায় আবহ। আলো-ছায়ার খেলায় সামনে আসে এক রহস্যময় চরিত্র। কালো গাউনে ঢাকা শরীর, ঘন দাড়ি ও লম্বা চুলে আগ্রাসী উপস্থিতি, চোখে সানগ্লাস। হাতে ব্যতিক্রমী নকশার বিশাল আগ্নেয়াস্ত্র-সব মিলিয়ে দুর্ধর্ষ অ্যাকশন লুক। ফেব্রুয়ারির প্রথম দিনেই প্রকাশ্যে এলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’- এর মোশন ফার্স্ট লুক। প্রথম ঝলকেই দর্শককে তাক লাগিয়েছেন বলিউড সুপারস্টার।

রোববার সন্ধ্যায় মাত্র ১৬ সেকেন্ডের এই মোশন লুক প্রকাশ পেয়েছে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস আর পরনে কালো গাউন, হাতে ইউনিক ডিজাইনের একটি মিউজিক্যাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব খান। আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে অস্ত্র তাক করে রেখেছেন। এ যেন পুরোদস্তুর গ্যাংস্টার। আর অল্প সময়েই তা নজর কাড়ে দর্শক-ভক্তদের। কয়েক সেকেন্ডের ঝলকেই স্পষ্ট ইঙ্গিত-নতুন সিনেমায় শাকিব খান হাজির হচ্ছেন এক শক্তিশালী গ্যাংস্টার চরিত্রে। সিনেমার নাম ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ অন্যদিকে, শাকিব খানের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘একটা শহর, একটা উপাখ্যান—প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।’

নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হচ্ছে প্রিন্স। জানা গেছে, আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় অ্যাকশনের পাশাপাশি থাকবে রোমান্টিক একটি গল্প। এ কারণেই নাকি মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল বন্দুক।
প্রিন্স’- এর মোশন ফার্স্ট লুক প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভরে ওঠে হাজার হাজার মন্তব্য, শেয়ার ও রিঅ্যাকশনে।