রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে মারা যাওয়া নিয়ে কী বলছেন সহকর্মীরা? ঠিক কী ঘটেছিল সেখানে?
আনন্দবাজার বলছে, সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল এবং তাঁর সহকর্মীরা। বিকেলের দিকে শুটিং শেষ হয়। শুটিং ইউনিটের একটি সূত্র জানায়, শুটিং শেষে একাই জলে নামেন রাহুল। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন অকুস্থলে। তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন।
জলের তলায় বালিতে নাকি রাহুলের পা আটকে যায় । আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে শ্বেতা ‘রাহুলদা ডুবে যাচ্ছে’ বলে চিৎকার করে সকলকে একজোট করার চেষ্টা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী অভিনেতা দিগন্ত বাগচীর কথায়, “হয় ও সাঁতার জানত না, বা কোনও ভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিলেন রাহুল।’’ অন্য দিকে, রাহুলের গাড়িরচালক বলেন, ‘‘রাহুলদা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বার বার বারণ করছিলাম। শোনেনি আমার কথা।’’

ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য
এদিকে, রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমরা শুটিং শেষ করে মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। রাহুল বলেছিল, সে আরও কয়েকটি শট দিয়ে আসবে। কিন্তু এমন ঘটনা ঘটবে, ভাবতেই পারিনি। সুস্থ, প্রাণবন্ত একজন মানুষ এভাবে চলে যাবে, এটা মানা খুব কঠিন।’
জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত গাড়িতে তোলা হয় রাহুলকে। তালসারির সৈকত থেকে ১০-১২ কিলোমিটার দূরে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সন্ধে ৬টা ১০ মিনিটে চিকিৎসকেরা জানান, আগেই মারা গিয়েছেন রাহুল।
চন্দ্রশেখর যা বললেন রাহুল অরুণোদয়ের মৃত্যু নিয়ে
রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে যাওয়া নিয়ে ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী জানান তিনি সেসময় সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘‘তখন শুটিং প্যাকআপ হয়ে গিয়েছিল। ৫টা-সাড়ে ৫টা বাজে (সন্ধ্যা) তখন। ঘড়ি দেখার সময় ছিল না তখন আর। শিল্পীদের ছেড়ে দিচ্ছিলাম এক এক করে। তখনই ফোন আসে আমার কাছে। সঙ্গে সঙ্গে সৈকতে পৌঁছোই আমি।’’ চন্দ্রশেখর আরও জানান ‘‘ওকে গাড়িতে তোলার পর আমি সামনে উঠলাম। লাল কাপড় নাড়াতে নাড়াতে হাসপাতাল পৌঁছোই। শহরে ঢোকার পর থেকেই যানজটের জন্য দেরি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে রাহুলের বুকে হাত বোলাচ্ছিল আমাদেরই টেকনিশিয়ানরা। যদি বাঁচানো যায়, সেই আশায়। প্রচণ্ড হাঁপাচ্ছিল রাহুল।’’ তিনি জানান, হাসপাতালে যাওয়ার পথেই সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হন রাহুল। ওই ২০-২২ মিনিটের মধ্যেই মারা যান তিনি।

তবে ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাই সামনে আসছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এ ছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সাল থেকে আলাদা থাকা শুরু করেন তাঁরা, পরে বিচ্ছেদ হয়। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন তিনি, যা দর্শকমহলে সাড়া ফেলেছিল। তালসারি সৈকতের শুটিং স্পটে এমন মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে।


