দম-প্রিন্স-রাক্ষস
ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি পেলেও আয় ও আলোচনার দিক থেকে প্রত্যেকটি ভিন্ন অবস্থানে রয়েছে। দর্শকদের তুমুল আগ্রহের মধ্যেই আয়ের দৌড়ে সবার থেকে এগিয়ে গিয়ে প্রায় একক আধিপত্য তৈরি করেছে আফরান নিশো অভিনীত ‘দম’। কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে? এমন প্রশ্ন উঠছে এখন সিনেমা মহলে।
বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে প্রথমবারের মতো ১ কোটি টাকার গ্রস আয়ের মাইলফলক ছুঁয়েছে এই সিনেমা। মুক্তির প্রথম দিনে আয় করে ৩০.৩৯ লাখ টাকা, দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল, যা নিশোর জনপ্রিয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
এই দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত এবং হুমায়ূন আহমেদ–এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি প্রথম তিন দিনে মোট ৭৭.৩৩ লাখ টাকা আয় করেছে। প্রথম দিনে ১৮.৫৪ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা সংগ্রহ করে আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি ধরে রেখেছে। মাল্টিপ্লেক্সের ৩১টি শোর মধ্যে ২৯টিই ছিল হাউজফুল।
এরপরেই অবস্থান করছে সিয়াম আহমেদ–এর ‘রাক্ষস’। প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় ৫৬.১৪ লাখ টাকা। এর মধ্যে প্রথম দিনে ১৩.৯৩ লাখ, দ্বিতীয় দিনে ২০.২৮ লাখ এবং তৃতীয় দিনে ২১.৯২ লাখ টাকা আয় হয়েছে। ২২টি শোর মধ্যে ১৮টিতেই হাউজফুল থাকায় সিনেমাটি বক্স অফিসে ভালো অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে।
কোটিতে নিশোর দম- শাকিব কোথায়?
অন্যদিকে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান–এর ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ তিন দিনে মোট ৫১.৫৪ লাখ টাকা আয় করেছে। প্রথম দিনে ১৬.১৯ লাখ এবং দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ টাকা আয় করলেও তৃতীয় দিনে কিছুটা কমে তা দাঁড়ায় ১৫.২৯ লাখ টাকায়।
সবশেষে, রায়হান রাফী পরিচালিত নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ ধীরে ধীরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রথম তিন দিনে এর মোট আয় ২৯.৩২ লাখ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম দিনে মাত্র ৬.১২ লাখ টাকা আয় করলেও তৃতীয় দিনে তা বেড়ে ১২.১৫ লাখ টাকায় পৌঁছেছে, যা সিনেমাটির প্রতি বাড়তে থাকা আগ্রহের ইঙ্গিত দেয়।


