তারকাদের ব্যক্তিগত গল্প, গাড়ি নিয়ে স্মৃতি আর জীবনের নানা অভিজ্ঞতা সব মিলিয়ে নতুন এক আড্ডার আয়োজন নিয়ে আসছে ক্রিয়েটিভ এজেন্সি ‘আইডিয়া স্পেস’। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় আসছে ‘লং ড্রাইভ’। এতে দেশের জনপ্রিয় তারকাদের সঙ্গে গাড়িতে বসেই হবে খোলামেলা আড্ডা।
শোটিতে অতিথি হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ দেশের আরও কয়েকজন পরিচিত তারকা। শোটির কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে আছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। প্রযোজনা করেছেন ইশতি আহমেদ।




সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’কে সাধারণ সেলিব্রিটি টকশোর বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। গাড়ির ভেতরের আড্ডায় তারকাদের সাফল্যের পথচলা, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং গাড়িকে ঘিরে নানা স্মৃতির কথা উঠে আসবে।
শুধু বিনোদন নয়, শোটিতে রাখা হয়েছে সামাজিক দায়বদ্ধতার বিষয়ও। কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও দেখা যাবে। ফলে তারকাদের ব্যক্তিগত গল্প ও আড্ডার পাশাপাশি মানবিকতার বিষয়টিও জায়গা করে নেবে অনুষ্ঠানে।
আইডিয়া স্পেসের প্রযোজনায় ‘চেরি প্রেজেন্টস’ কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এর টি পার্টনার ইস্পাহানি টি এবং কসমেটিক পার্টনার কোরিয়ান মার্ট।
‘আয়নাবাজি’, ‘তুফান’ ও ‘বনলতা সেন’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা থাকছেন উপস্থাপকের ভূমিকায়। অনুষ্ঠানটি নিয়ে প্রযোজক ইশতি আহমেদ বলেন, তারকাদের ব্যক্তিগত জীবনের না বলা গল্প এবং গাড়িতে ঘুরে বেড়ানোর আনন্দকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিনোদনের সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতার একটি বার্তাও দেওয়ার চেষ্টা রয়েছে।
‘লং ড্রাইভ’ খুব শিগগিরই ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচার শুরু হবে। পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তেও অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শকেরা।









