কাজল-অজয় দেবগন
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য মেডেল ও ট্রফি চাইলেন তাঁরা। ২৭ বছর পূর্ণ করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় বিবাহিত জুটি কাজল ও অজয় দেবগন। দুইজনের জীবনের এই বিশেষ দিনটি উদ্যাপন করতে সামাজিক মাধ্যমে কাজল একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন রসিকতাপূর্ণ ও আবেগঘন বার্তা। সেখানে নিজের ও অজয়ের জন্য মেডেল ও ট্রফি চাইলেন কাজল।
ছবি দিয়ে কাজল লিখলেন, ‘এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!’

কথাটি বলেছেন তাদের দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের সারসংক্ষেপ হিসেবে। যেখানে তাদের পথচলাকে দিয়েছেন মজার ছলে স্বীকৃতি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজাভ পটভূমির সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুজন। অজয় দেবগন গাঢ় কালো স্যুট, সাদা শার্ট ও চশমায় চিরচেনা সংযত লুকে; আর কাজল গাঢ় মেরুন শাড়িতে, গলায় চোকার হার ও পরিপাটি পনিটেইল চুলে অনায়াসে উজ্জ্বল। একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকা ও উষ্ণ হাসি যেন অসীম ভালোবাসার সাক্ষ্যই দিচ্ছে।
কাজল-অজয়ের ২৭ বছরের শুরুটা যেখানে
১৯৯৫ সালে প্রথম দেখা ‘হালচাল’ ছবির শুটিংয়ে। এই সিনেমার শুটিংয়ের সময় অজয়কে ভালো চেখে দেখতেন না কাজল। পরে এক সাক্ষাৎকারে কাজল স্বীকার করেছিলেন- তিনি অজয়কে পছন্দ করতেন না। কারণ অজয়কে সবসময় সেটের কর্নারে বসে ধূমপান করতে দেখা যেত।

তবে, পরবর্তীতে একসঙ্গে আরও কাজ করতে গিয়ে তারা দুজন ভালো বন্ধু হয়ে ওঠেন। দুজনের মধ্যে বন্ধন দৃঢ় হয়। তাদের বন্ধুত্ব এতোটাই ভালো ছিল যে, কাজল নিজের সম্পর্ক নিয়ে অজয়ের পরামর্শ নিতে শুরু করে। কারণ ‘হালচাল’-এর শুটিংয়ের সময় দুজনেরই প্রেম ছিল আরেকজনের সঙ্গে।
তবে তাদের এই প্রেম বেশিদিন টেকেনি। পরবর্তীতে অজয় এবং কাজল সিনেমার শুটিংয়ে অংশ নিলে তাদের মধ্যে কিছুটা বায়ুপরিবর্তন ঘটে। তাদের বন্ধুত্বের মাঝে একধরনের নীরবতা তৈরি হয় এবং লাজুক হাসি বিনিময় শুরু হয়। এরপর থেকেই ক্রমে কাজল এবং অজয় একে অপরের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন এবং ডেটিং শুরু করেন। তারা চার বছর সবার কাছ থেকে তাদের সম্পর্ক লুকিয়ে রাখেন।
প্রেম করতে করতেই ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের পথচলা। এই পুরোটা সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন এই তারকা দম্পতি। তাঁদের আছে নিসা ও যুগ নামে দুই সন্তান।
তবে জুটি বাঁধলেও কাজের ব্যাপারে কখনো কোন বাধা কিংবা কোন বিতর্কের মুখে দেখা যায়নি দুজনের কাউকেই। বর্তমানে দুজনেই ব্যস্ত আছেন কাজ নিয়ে।

কাজল-অজয়ের সর্বশেষ কাজ
অজয় দেবগন সর্বশেষ ‘দে দে পেয়ার দে ২’ ছবিতে কাজ করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। ছবিতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরিসহ আরও অনেকে।
অন্যদিকে ‘সারজমিন’ ছবিতে কাজলকে সর্বশেষ দেখা গেছে। এর আগে তিনি ‘মা’ ছবিতেও অভিনয় করেছেন যা তেমন সাড়া ফেলতে পারেনি।
অজয় ও কাজলের দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে মতভেদ, নানা ব্যস্ততা, সফলতা কিংবা সংগ্রাম-সবই ছিল। তবু দুজনের প্রতি দুজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ আর বন্ধুত্বই সম্পর্ককে আরো শক্তিশালী করেছে। ফলে তরুণ-তরুণীদের কাছে আইকনিক ও স্নিগ্ধ জুটি হওয়ার কারণে এবং নিজেদের প্রতি সুবিচার করার কারণে ‘মেডেল আর ট্রফি’ নিঃসন্দেহে প্রাপ্য।


